ইটভাটার ধোঁয়ায় ৩৫০ বিঘার আম পচে যাচ্ছে

নাটোর সদর উপজেলার দত্তপাড়া এলাকায় তিনটি ইটভাটা থেকে নির্গত ধোঁয়ায় আশপাশের প্রায় ৩৫০ বিঘা জমির বাগানের আমসহ অন্যান্য ফল পচে নষ্ট হয়ে যাচ্ছে।
এলাকাবাসী সূত্র জানায়, সদর উপজেলার দত্তপাড়া এলাকায় ফসলি জমিতে তিনটি ইটভাটা তৈরি করা হয়েছে। এসব ভাটা থেকে কালো ধোঁয়া আশপাশের ফলবাগানে ছড়িয়ে পড়ছে। এতে বাগানের আম, কাঁঠাল, কলা, লিচু ও নারকেলের ফল অকালে নষ্ট হয়ে ঝরে পড়ছে। বিশেষ করে এবার আমের ব্যাপক ক্ষতি হয়েছে।
গত বুধবার বিকেলে দত্তপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, আবদুর রশিদের এপিসি ব্রিকস, সুলতান হোসেনের একেসি ব্রিকস ও লিয়াকত আলীর এবিসি ব্রিকস নামের তিনটি ইটভাটা গড়ে উঠেছে। ভাটার আশপাশে আম, কাঁঠাল, লিচু ও নারকেলের বাগান রয়েছে। এপিসি ব্রিকসের সামনে দাঁড়িয়ে দেখা যায়, ভাটার চিমনি দিয়ে গরম ও কালো ধোঁয়া বের হয়ে পশ্চিম পাশের আবুল কাশেমের আমবাগানের দিকে যাচ্ছে। ২০০ গজ পশ্চিমে ওই বাগানে গিয়ে দেখা গেল, সেখানে বিভিন্ন জাতের আমের অনেক গাছ রয়েছে। বাগানের পরিচর্যাকারী জানান, সেখানে ১ হাজার ২০০টি গাছ রয়েছে। গাছের নিচে প্রচুর পচা আম পড়ে রয়েছে। গাছের অধিকাংশ আমের নিচের অংশ ঘনকালো হয়ে গেছে। কালো অংশে পচন ধরায় বোঁটা শুকিয়ে পড়ে যাচ্ছে।
বাগানমালিক আবুল কাশেম জানান, পাঁচ বছর আগে সেখানে আমের গাছ রোপণ করা হয়। দুই বছর ধরে প্রতিটি গাছে আম ধরছে। আম আসার পর পরই গতবার বাগানটি তিন লাখ টাকায় বিক্রি করা হয়। তবে বাগান বিক্রির পর পরই অধিকাংশ আম পচে ঝরে পড়ে। ইজারাগ্রহীতার লোকসান হওয়ায় তাঁকে দুই লাখ টাকা ফেরত দেওয়া হয়। এই পরিস্থিতির কারণে এবার বাগান নেওয়ার কোনো ক্রেতা পাওয়া যায়নি। নিজেই দুজন পাহারাদার নিয়োগ করে আমগাছের পরিচর্যা করেছেন। এ পর্যন্ত তাতে এক লাখ টাকা ব্যয় হয়েছে। কিন্তু আমের গুটি বড় হওয়ার সময় থেকে আমের নিচের অংশ কালো হয়ে পচে যাচ্ছে। হয়তো খরচের টাকাও উঠবে না বলে তিনি আশঙ্কা করেছেন। তিনি জানান, এ এলাকায় প্রায় ৩৫০ বিঘা জমিতে ফলের বাগান রয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আলহাজ উদ্দিন বলেন, ভাটা থেকে নির্গত কালো ধোঁয়ায় বিষাক্ত কার্বন মনোক্সাইইড, কার্বন ডাই-অক্সাইডসহ ১৬টি ক্ষতিকর উপাদান রয়েছে। এতে আমসহ সব ধরনের ফল উৎপাদনে প্রভাব পড়তে পারে। দত্তপাড়া এলাকার ইটভাটার কারণে ফলের ক্ষয়ক্ষতি সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে। ফলাফল বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
রাজশাহী বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক এ কে এম মাসুদুজ্জামান বলেন, যেসব ইটভাটার পাশে ফসলি জমি, বন ও ফলদ বাগান আছে, সেগুলোর মালিকদের আধুনিক পন্থায় ইট তৈরি করতে বলা হয়েছে। কিন্তু দত্তপাড়া এলাকার ইটভাটা সম্পর্কে কোনো অভিযোগ আমার হাতে পৌঁছায়নি। এলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’