ইটভাটার ধোঁয়া-তাপে দুর্ভোগ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাতা ইউনিয়নের নাগরজান গোর্কন গ্রামের আবুল কালাম আজাদের বাড়ির চারটি আমগাছে এবার অনেক মুকুল এসেছিল। কিন্তু গাছগুলোর ফল পচে ঝরে গেছে। তাঁর দুটি জলপাইগাছও মরে গেছে।একই গ্রামের মহাতাব আলী, আজিজুল হকসহ কয়েকজন ব্যক্তির ফল ও ফসল নষ্ট হয়ে গেছে। গ্রামবাসীর অভিযোগ, প্রায় এক বছর আগে ওই গ্রামে বসতির মধ্যে এমএইচবি নামের একটি ইটভাটা গড়ে তোলার পর থেকেই আশপাশের ফসল ও গাছপালা ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে। পাশাপাশি ইটভাটার ধোঁয়া ও তাপে অতিষ্ঠ হয়ে পড়েছে গ্রামবাসী। এ ব্যাপারে গত বৃহস্পতিবার গ্রামবাসী শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগের ব্যাপারে ইটভাটার মালিক সিদ্দিকুর রহমান বলেন, সরকারি নিয়ম মেনেই ইটভাটা নির্মাণ করা হয়েছে। ফল ও ফসল নষ্ট হওয়ার বিষয়টি তিনি শুনেছেন। গ্রামবাসীকে ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করবেন। ইউএনও এ কে এম তারেক বলেন, অভিযোগটি তদন্ত করতে উপজেলা কৃষি কর্মকর্তাকে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।