ইটভাটার ধোঁয়ায় ক্লাসকরা দায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সদর উপজেলার দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ধোঁয়া ও বালুর কারণে শ্রেণীকক্ষে গিয়ে ঠিকমতো শ্বাস নিতে পারে না। এমনকি বিদ্যালয়গুলোর সামনে মাঠ থাকলেও সেখানে তারা শারীরিক কসরত বা খেলাধুলা করতে পারে না। শিক্ষার্থীদের এ দুর্গতির কারণ অনুসন্ধান করতে গিয়ে জানা গেছে, পাবনা সদর উপজেলার চর কোষাখালী বালিকা উচ্চবিদ্যালয় ও চর কোষাখালী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাত্র ১০০ গজের মধ্যেই নির্মাণ করা হয়েছে ইটভাটা। আর এ ইটভাটায় ট্রাক ও শ্যালো ইঞ্জিনচালিত যান নসিমন-করিমনে করে বালু ও মাটি আনা-নেওয়ার জন্য বিদ্যালয়গুলোর মাঠ দখল করে তৈরি করা হয়েছে কাঁচা রাস্তা। এ রাস্তা দিয়ে প্রতিদিন এসব যানবাহন চলাচল করে। এতে ধুলা-বালু আর কালো ধোঁয়ায় ওই এলাকার পরিবেশ দূষিত হয়। একই সঙ্গে ধুলা, বালু ও ধোঁয়া বিদ্যালয় দুটির শ্রেণীকক্ষ ও কার্যালয়ে ঢুকছে। এতে শিক্ষার্থীরা ঠিকমতো ক্লাস করতে পারছে না। এলাকাবাসী জানান, চার মাস আগে এলাকার নুর মোহাম্মদ ও শরিফুল ইসলাম নামের দুই ব্যক্তি বিদ্যালয় দুটির ১০০ গজ পেছনে এনএসবি ব্রিকস নামে একটি ইটভাটা নির্মাণ করেন। এ সময় তাঁদের আবাসিক এলাকা ও বিদ্যালয়গুলোর কাছে ভাটা তৈরি না করতে অনুরোধ করা হয়েছিল। কিন্তু তাঁরা এলাকাবাসীর কথা শোনেননি। এমনকি ভাটায় যাতায়াতের জন্য স্কুলের খেলার মাঠ দিয়ে রাস্তা তৈরি করেছেন। ইটভাটার ধোঁয়া বের হওয়ার জন্য ১০০ ফুট উঁচু চিমনি স্থাপনের নিয়ম থাকলেও তাঁরা ৩০ ফুট উচ্চতার ড্রাম চিমনি ব্যবহার করছেন। উপরন্তু, ভাটায় কয়লার পরিবর্তে কাঠ পোড়ানোয় কালো ধোঁয়ায় বাসা-বাড়িতে বসবাস করা কঠিন হয়ে পড়েছে।বিদ্যালয়ের এক ছাত্রী জানায়, ধুলা ও ধোঁয়ার কালিতে স্কুলের বেঞ্চে বসা যায় না। প্রতিদিন সকালে স্কুলে এসে আগে ধুলা ও কালি পরিষ্কার করি। কয়েকজন ছাত্রী আরও জানায়, অনেক সময় ক্লাস চলাকালীন শ্রেণীকক্ষগুলো কালো ধোঁয়া ও ধুলায় অন্ধকার হয়ে যায়। তখন ক্লাস বাদ দিয়ে বাইরে বসে থাকতে হয়। চর কোষাখালী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল হুদা বলেন, ‘বিষয়টি ইটভাটার কর্তৃপক্ষকে আমরা বহুবার জানিয়েছি। কিন্তু তাঁরা কোনো কর্ণপাত করেনি।’ইটভাটার মালিক নুর মোহাম্মদ বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেই সব করেছি। এতে সাময়িক সমস্যা হলেও পরে ঠিক করা হবে। তিনি আরও জানান, প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে অনুমতি নিয়ে ইটভাটা স্থাপন করা হয়েছে।অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইমাম উদ্দিন কবির বলেন, এ ব্যাপারে তিনি খোঁজ নিয়ে ব্যবস্থা নেবেন।