ইটভাটার ধোঁয়ায় পুড়েছে পাঁচ শতাধিক বিঘার ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ীতে ইটভাটার ধোঁয়ায় পাঁচ শতাধিক বিঘা জমির ধান এবং প্রায় তিন কিলোমিটার এলাকার অনেক গাছপালা পুড়ে গেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষকেরা ক্ষতিপূরণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে শুক্রবার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের উদ্ভিদ সংরক্ষণবিদ আরশেদ আলম বলেন, প্রাথমিক জরিপে পুড়ে যাওয়া ধান ও গাছপালার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৫ কোটি টাকা।লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত ১১টার দিকে কোনাবাড়ী এলাকার প্রফুল্ল চন্দ্র মালাকারের মালিকানাধীন ইটভাটা থেকে কালো ধোঁয়া নির্গত হতে থাকে। টানা দুই দিন এই কালো ধোঁয়া নির্গত হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে শুক্রবার ভাটার আগুন বন্ধ করে দেওয়া হয়। এই ধোঁয়ায় ভাটার পশ্চিম পাশের কোনাবাড়ী, নান্দিনা কামালিয়া, নয়াপাড়া ভদ্রঘাট ও খামার বড়ধুল গ্রামের পাঁচ শতাধিক বিঘা জমির উঠতি বোরো ধান পুড়ে গেছে। এ ছাড়া আশপাশের প্রায় তিন কিলোমিটার এলাকার অনেক গাছপালা পুড়ে গেছে। আবেদনে ৩৪০ জন কৃষকের ৫৫০ বিঘা জমির ধান পুড়ে যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।ক্ষতিগ্রস্ত কৃষক নজরুল ইসলাম জানান, ইট পোড়ানোর সময় অতিমাত্রায় জ্বালানি ব্যবহারের ফলে সৃষ্ট অতিরিক্ত তাপ হঠাৎ করে বের করে দেওয়ায় এমন ঘটনা ঘটতে পারে। কৃষি বিভাগ জরিপ করে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত ২৭৮ জন কৃষকের তালিকা তৈরি করেছে। ভাটার মালিক প্রফুল্ল চন্দ্র মালাকার দাবি করেন, ভাটাটি পরিবেশবান্ধব প্রযুক্তির। এই ভাটা থেকে নির্গত ধোঁয়া অনেক উঁচু দিয়ে চলে যায়। ফলে ফসলের ক্ষতি হওয়ার সম্ভাবনা মোটেই নেই। অন্য কারণে ফসলের ক্ষতি হতে পারে। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের উপপরিচালক শফিউল আলম বলেন, ভাটার ধোঁয়ার কারণেই এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অভিজিত রায় বলেন, ভাটার যাবতীয় কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।