ইটভাটার প্রতিবাদে মানববন্ধন
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দি ইউনিয়নের ইছামতী নদীর পাশে কংশপুরা এলাকায় ইটভাটা নির্মাণ করে পরিবেশ বিনষ্ট করার প্রতিবাদে গতকাল সোমবার এলাকাবাসী মানববন্ধন করেছেন। লতব্দি ইউনিয়ন পরিবেশ রক্ষা আন্দোলন কমিটির উদ্যোগে গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কংশপুরা-দোসরপাড়া সড়কের ওপর কংশপুরা, ভাসানচর ও দোসরপাড়া গ্রামবাসী মানববন্ধনে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন লতব্দি ইউনিয়ন পরিবেশ রক্ষা আন্দোলন কমিটির সভাপতি মো. রিপন, সাধারণ সম্পাদক মিয়ার হোসেন দেওয়ান, কংশপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বুদর মাস্টার, মনির হোসেন, মুক্তার হোসেন, স্বপন দেওয়ান প্রমুখ। লতব্দি ইউনিয়ন পরিবেশ রক্ষা আন্দোলন কমিটির সভাপতি মো. রিপন প্রথম আলোকে বলেন, ‘ইছামতী নদীর পাশে কৃষিজমি ও প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট করে ইটভাটা নির্মাণ করা হচ্ছে। তাই আমরা এই ইটভাটার কার্যক্রম দ্রুত বন্ধের দাবি জানাচ্ছি।’ এলাকাবাসী জানান, এই ইটভাটার মালিক ইব্রাহীম মুন্সি অত্যন্ত প্রভাবশালী। তাই এলাকার সাধারণ মানুষ তাঁর বিরুদ্ধে কথা বলতে ভয় পায়। এখানে ইটভাটা নির্মাণে এলাকাবাসী থেকে বাধা দেওয়া সত্ত্বেও তিনি কোনো কর্ণপাত করেননি। পরিবেশ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলার সহকারী পরিচালক সোনিয়া সুলতানা বলেন, ‘আমরা ইটভাটার মালিককে তাঁদের কার্যক্রম বন্ধ রাখার জন্য বলেছি। একই সঙ্গে ইটভাটার মালিকের কাছে ২৬ জানুয়ারির মধ্যে লিখিত জবাব চাওয়া হয়েছে।’ ইটভাটার মালিক ইব্রাহীম মুন্সির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। ইটভাটার লোকজনের হামলা: দুপুর ১২টার দিকে কংশপুরায় সড়কের ওপর মানববন্ধন চলাকালে মানববন্ধনে আসা কিছু লোক ইটভাটার কাছে গেলে ইটভাটার সাত-আটজন লোক লাঠিসোঁটা নিয়ে তাঁদের ধাওয়া করে। এরপর তাঁদের সঙ্গে আরও পাঁচ-ছয়জন যুক্ত হয়ে মানববন্ধনে আসা লোকজনের ওপর ধাওয়া করলে উত্তেজনা দেখা দেয়। গ্রামবাসী ভয়ে দৌড়ে নিরাপদ আশ্রয় নেয়। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ প্রসঙ্গে লতব্দি ইউনিয়ন পরিবেশ রক্ষা আন্দোলন কমিটির সভাপতি মো. রিপন বলেন, ‘মানববন্ধন বন্ধ রাখার জন্য আমাদের হুমকি পর্যন্ত দেওয়া হয়। শেষ পর্যন্ত গতকাল মানববন্ধন করলে আমাদের লোকজনের ওপর ইটভাটার মালিকের লোকজন লাঠিসোঁটা নিয়ে হামলা করে।’ সিরাজদিখান থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, ‘মানববন্ধন শেষে কিছু লোক ইটভাটার কাছে গেলে ইটভাটার সাত-আটজন লোক তাঁদের ধাওয়া করে। বড় ধরনের কোনো ঘটনা ঘটতে পারেনি।’