ইটভাটার বন্দিদশা থেকে মুক্তি পেলেন ১০ শ্রমিক
তালাবদ্ধ কক্ষটি খুলতেই হাউমাউ করে কেঁদে উঠলেন কক্ষে থাকা আটজন মানুষ। তাঁদের হাত-পায়ে আঘাতের চিহ্ন। দুপুর একটার দিকে কক্ষ থেকে বের করা হলো তাঁদের। মুক্তি পেলেন তাঁরা বন্দিদশা থেকে।এই আটজনকে গতকাল শুক্রবার একটি ইটভাটার টিনশেড কক্ষ থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১-এর একটি দল। তাঁরা ইটভাটার শ্রমিক। মারুফ সাজিদ ব্রিকস নামের এই ইটভাটাটি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের বেলদি এলাকায় অবস্থিত। পরে পাশের হেলাল ব্রিকস নামের অপর একটি ইটভাটা থেকে দুই শিশুসহ দুই নারী শ্রমিককে উদ্ধার করা হয়। ভাটাগুলো বালু নদের তীরে। সেখানে আরও অনেক ভাটা আছে।মারুফ সাজিদ ব্রিকস থেকে উদ্ধার করা আটজন জানান, শ্রমিকসর্দারের মাধ্যমে প্রায় এক মাস আগে তাঁরা কাজ করতে এই ইটভাটায় এসেছিলেন। ভাটামালিকের কাছ থেকে ওই সর্দার শ্রমিক সরবরাহের জন্য টাকা অগ্রিম নিয়ে পালিয়ে যাওয়ায় তাঁদের ওই কক্ষে আটকে রেখে ইচ্ছার বিরুদ্ধে ইটভাটায় কাজ করানো হচ্ছিল। তাঁদের সবার বাড়ি সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাঠি গ্রামে।উদ্ধার হওয়া শ্রমিকেরা হলেন: আতিয়ার সরদার, রবিন রজক, আরিজুল গাজী, নূপুর সরদার, আবুল হোসেন মোড়ল, রবিউল মোড়ল, রকিবুল ইসলাম, কামরুল ইসলাম, নাছিমা বেগম ও রোজিনা বেগম। এই দুই নারী রবিউল মোড়লের স্ত্রী। উদ্ধার হওয়া শিশু শরিফুল নাছিমার ছেলে ও ঝুমা রোজিনার মেয়ে। রূপগঞ্জ ইটভাটা মালিক সমিতির সভাপতি মজিবুর রহমান বলেন, এই শ্রমিকদের সর্দার তাঁদের কাজের জন্য এখানে এনেছেন। সর্দার পালিয়ে যাওয়ায় তাঁদের আটকে রাখা হয়।