ইটভাটার বিষাক্ত গ্যাসে ৮০ বিঘার বোরো নষ্ট
বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়নের নাগারজান গ্রামের একটি ইটভাটার বিষাক্ত গ্যাস ও ধোঁয়ায় প্রায় ৮০ বিঘা জমির বোরো ধান নষ্ট হয়ে গেছে। ভাটাসংলগ্ন এলাকার বাগানের বিপুল পরিমাণ আম, লিচু, কাঁঠালসহ অন্যান্য ফলও পচে যাচ্ছে। এলাকার বাঁশঝাড়গুলোতেও ব্যাপক ক্ষতি হয়েছে।
কৃষকেরা জানান, খেতের বোরো ধানে পাক ধরেছিল। তাঁরা বোরো ধান কাটার প্রস্তুতি নিয়েছিলেন। গত ২৭ এপ্রিল রাতে গ্রামবাসী হঠাৎ প্রচণ্ড গরম অনুভব করেন। ভয়ে অনেকে ঘরের বাইরে এসে পরিস্থিতি দেখে ভয় পেয়ে যান। প্রচণ্ড গরম আর গন্ধের কারণে অনেকে বমি পর্যন্ত করেন। পরে তাঁরা বুঝতে পারেন গ্রামটিতে অবস্থিত এমএইচবি ব্রিকস নামের ইটভাটা থেকে একসঙ্গে গ্যাস ও ধোঁয়া ছেড়ে দেওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরের দিন সকালে উঠে এলাকাবাসী দেখেন গাছপালার ফল নষ্ট হয়ে গেছে। কৃষকেরা খেতে গিয়ে গিয়ে দেখেন বোরো ধান ঝলছে গেছে।
গত ৩০ এপ্রিল দুপুরে সরেজমিনে দেখা গেছে, প্রায় ৮০ বিঘা জমির বোরো ধান ঝলসে গেছে। কোনোভাবেই ওই ধান থেকে চাল বের করা সম্ভব হবে না। গ্রামের প্রায় সবগুলো আমগাছের আমে কালচে দাগ পড়েছে। অনেক আম পচে ঝরে পড়ছে। লিচু, কলা ও কাঁঠালেরও একই অবস্থা। বাঁশঝাড়গুলোর পাতা পুড়ে গেছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য তাইজুল ইসলাম বলেন, ভাটার কারণে গ্রামবাসী নিঃস্ব হয়ে পড়েছেন। ময়দানহাটা ইউপির চেয়ারম্যান মাহবুব আলম বলেন, কৃষকদের সঙ্গে ইটভাটা কর্তৃপক্ষকে আপস করতে বলা হয়েছে। আপস না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ওই ইটভাটার ব্যবস্থাপক আবু রায়হান বলেন, ‘কৃষকের ক্ষতি হয়েছে, এটা ঠিক। কিন্তু এটা আমরা ইচ্ছা করে করিনি। ভাটার আগুন বন্ধ করে দেওয়া হয়েছিল। আর সে সময়ই বাতাস নিচ দিয়ে যাওয়ায় এ সমস্যা হয়েছে। বিষয়টি মীমাংসা করে নেওয়া হবে।’
ইটভাটার মালিক মেহেদুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তাঁর স্ত্রী জাকিয়া বেগম ফোন ধরে বলেন, ‘রিপোর্ট করার দরকার নেই। আমরা মিটমাট করে নেব।’ উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, তিনি বিষয়টি জেনেছেন। ভাটার ধোঁয়া ও গ্যাস একসঙ্গে বের হওয়ায় ফসল নষ্ট হয়েছে।