ঢাকার সাভার উপজেলার ইটভাটার সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা পরিষদ। তথ্য অধিকার আইনে আবেদন করে পাওয়া তথ্য যাচাই-বাছাইকালে এসব অসংগতি ধরা পড়েছে।
প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে দেখা যায়, সাভারের আমিনবাজার রাজস্ব সার্কেলের আওতায় ইটভাটা রয়েছে ৫৮টি। এর মধ্যে ৩০টির অনুমোদন নেই। আশুলিয়া সার্কেলের ৫০টি ইটভাটার মধ্যে অনুমোদন আছে মাত্র ১৭টির। সাভার সার্কেলের ৩৪টি ইটভাটার মধ্যে অনুমোদন আছে ২২টির। আর পরিবেশ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, সাভারে মোট ইটভাটা রয়েছে ১৮৩টি। এর মধ্যে পরিবেশ ও অবস্থানগত ছাড়পত্র রয়েছে মাত্র সাতটির। শর্ত পূরণ না করায় বাকি ১৭৬টি ইটভাটার ছাড়পত্র নবায়ন করা হয়নি।
তথ্য অধিকার আইনে প্রথম আলোর পক্ষ থেকে গত ১১ ডিসেম্বর সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে উপজেলার অনুমোদনপ্রাপ্ত ও অনুমোদনহীন ইটভাটার সংখ্যা জানতে চেয়ে আবেদন করা হয়। একই দিন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে পরিবেশ ও অবস্থানগত ছাড়পত্র পাওয়া ইটভাটার নাম ও ঠিকানা জানতে চেয়ে পৃথক আবেদন করা হয়। ওই সব আবেদনের পরিপ্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তর ও ইউএনওর কার্যালয় থেকে তথ্য সরবরাহ করা হয়।
পরিবেশ অধিদপ্তরের সরবরাহ করা তালিকায় আশুলিয়ার তৈয়বপুর ও আশুলিয়ায় সুপার ব্রিকস নামে তিনটি ইটভাটা আছে। এ ছাড়া উপজেলা পরিষদ থেকে সরবরাহ করা তালিকাতেও সুপার ব্রিকস নামে অনুমোদনহীন একটি ইটভাটার নাম আছে। কিন্তু সুপার ব্রিকস নামে আশুলিয়ায় কোনো ভাটা খুঁজে পাওয়া যায়নি। তথ্যানুযায়ী ভাটার মালিক ফেরদৌস ভূঁইয়ার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, আট বছর আগে তিনি ভাটাটি বন্ধ করে দিয়েছেন।
উপজেলা পরিষদ থেকে সরবরাহ করা তথ্যে অনুমোদনপ্রাপ্ত ইটভাটার তালিকায় সাভারের উত্তর কাউন্দিয়া এলাকায় শাপলা ব্রিকস নামে একটি ভাটার নাম আছে। কিন্তু পরিবেশ অধিদপ্তরের তালিকায় ওই নামে কোনো ভাটা নেই।
সাভারের বলিয়ারপুর এলাকায় এবিসি ব্রিকস নামে একটি ইটভাটা থাকলেও সাভার উপজেলা পরিষদের তালিকায় এর নাম নেই। আবার পাশের উত্তর কাউন্দিয়া এলাকায় এসএএস নামে একটি ইটভাটার নাম তালিকায় থাকলেও বাস্তবে তার অস্তিত্ব পাওয়া যায়নি।
জানা গেছে, এবিসি ব্রিকসের মালিক বলাই পোদ্দার। আর তালিকা অনুযায়ী এএএস ব্রিকসের মালিকেরও নাম বলাই পোদ্দার। বলাই পোদ্দার বলেন, তিনি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসনের অনুমোদন নিয়ে এবিসি ব্রিকস পরিচালনা করছেন। এসএএস নামে তাঁর কোনো ইটভাটা নেই। তবে পরিবেশ অধিদপ্তরের তালিকায় বলিয়ারপুরে এবিসি ব্রিকস নামে কোনো ভাটা নেই।
জেলা প্রশাসকের অনুমোদন ও পরিবেশগত ছাড়পত্র না থাকায় পরিবেশ অধিদপ্তর ১৭ জানুয়ারি আশুলিয়ার বিরুলিয়ায় অভিযান চালিয়ে মেসার্স সাদিয়া ব্রিকস ও মেসার্স পাওয়ার ব্রিকস নামে দুটি ভাটা গুঁড়িয়ে দেয়। একই কারণে রাজু ও শরীফ ব্রিকস নামে দুটি ভাটাকে শুনানির জন্য অধিদপ্তরে হাজির হতে নোটিশ দেওয়া হয়। কিন্তু উপজেলা পরিষদের তালিকায় অনুমোদনপ্রাপ্ত ইটভাটার তালিকায় রাজু ব্রিকস ও অনুমোদনহীন ভাটার তালিকায় পাওয়ার ব্রিকসের নাম আছে। তবে কোনো তালিকাতেই (অনুমোদনপ্রাপ্ত ও অনুমোদনহীন) সাদিয়া ও শরীফ ব্রিকসের নাম নেই।
পরিবেশ অধিদপ্তরের তালিকায় রাজু ব্রিকসের নাম থাকলেও ভাটাটির পরিবেশ ও অবস্থানগত ছাড়পত্র নবায়ন করা নেই। এ ছাড়া পাওয়ার, সাদিয়া ও শরীফ ব্রিকসের নামও খুঁজে পাওয়া যায়নি তালিকায়।
তালিকা ও বাস্তবের সঙ্গে এসব অসংগতির বিষয়ে সাভারের ইউএনও আবু নাসের বেগ বলেন, উপজেলা ভূমি কার্যালয়সহ আশুলিয়া ও আমিনবাজার রাজস্ব সার্কেল থেকে যেসব তালিকা সরবরাহ করা হয়েছে, তার ওপর ভিত্তি করেই তথ্য দেওয়া হয়েছে। তবে সরবরাহ করা তথ্যে কোনো অসংগতি থাকলে পুনরায় তালিকা তৈরি করে সরবরাহ করা হবে। ইতিমধ্যে সংশ্লিষ্টদের এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের পরিচালক মো. আলমগীর বলেন, পরিবেশ অধিদপ্তর থেকে সরবরাহ করা তালিকা সঠিক। ওই তালিকায় যেসব ইটভাটার পরিবেশ ও অবস্থানগত ছাড়পত্র নেই তা অবৈধ। শর্ত পূরণ না করায় এসব ইটভাটার পরিবেশ ও অবস্থানগত ছাড়পত্র নবায়ন করা হয়নি। পর্যায়ক্রমে এসব অবৈধ ভাটার বিরুদ্ধে অভিযান চালানো হবে।