ইটভাটার মাটি নিয়ে ফেনীতে সংঘর্ষ অস্ত্রসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ইটভাটার মাটি সরবরাহকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় একপক্ষের লোকজন অন্যপক্ষের দুজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেশে তৈরি দুটি এলজি ও বিদেশি দুটি একনলা বন্দুকসহ দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন নয়ন (৩০) ও আরিফ (২৮)।পুলিশ ও এলাকাবাসী জানায়, কিছুদিন ধরে উপজেলার ঘোপাল ইউনিয়নের একটি ইটভাটায় মাটি সরবরাহকে কেন্দ্র করে স্থানীয় দুই দল যুবকের মধ্যে বিরোধ চলছিল। ওই যুবকেরা এলাকায় বিভিন্ন লোকের কাছ থেকে অল্প দামে মাটি কিনে ইটভাটার মালিকের কাছে বিক্রি করে। গতকাল দুপুরে মাটি সরবরাহকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগিবতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ হয়। এ সময় একপক্ষের লোকজন অন্যপক্ষের টুটুল (৩০) ও শামীমকে (৩৫) কুপিয়ে জখম করে। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।খবর পেয়ে ফেনীর সহকারী পুলিশ সুপার মো. এয়াকুব আলী মিয়ার নেতৃত্বে ছাগলনাইয়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি এলজিসহ নয়ন ও আরিফকে গ্রেপ্তার করে। ইটভাটার শ্রমিকদের ছাউনিঘর তল্লাশি করে আরও দুটি বিদেশি একনলা বন্দুক উদ্ধার করা হয়। এয়াকুব আলী অস্ত্র উদ্ধার ও দুজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।