ইটভাটার মাটিচাপায় এক শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগাছা উপজেলায় ইটভাটায় কাজ করতে গিয়ে মাটিচাপায় গতকাল মঙ্গলবার আবদুল আজিজ (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কালু মিয়া (৪২) নামের এক শ্রমিক আহত হয়েছেন। তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, পীরগাছার কল্যাণী ইউনিয়নের বড়দরগা এলাকায় আইএফএম ব্রিকসে কাজ করার সময় গতকাল সকাল ১০টার দিকে মাটিচাপা পড়েন আজিজ। তাঁকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তাঁর লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁর বাড়ি কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের বাহাগিলি গ্রামে। এ ঘটনায় একই গ্রামের কালু মিয়া নামের এক শ্রমিক আহত হয়েছেন। কালুকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্রমিক আজিজ মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে ইটভাটার মালিক ইদ্রিস আলী বলেন, এটি একটি দুর্ঘটনা। আজিজের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।