ইটভাটার মালিকদের বাঁধ স্বেচ্ছাশ্রমে অপসারণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার ডুমুরিয়া উপজেলার ভদ্রা নদীর চরে ইটভাটার মালিকদের দখল করা বাঁধ স্বেচ্ছাশ্রমে অপসারণের কাজ শুরু করেছেন এলাকাবাসী। খুলনার জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন গতকাল বুধবার সকাল নয়টার দিকে শতাধিক গ্রামবাসীকে নিয়ে খর্ণিয়া সেতুর পশ্চিম পাশে সেতু ব্রিক্সের সামনে দখল করা চরে নেমে বাঁধ কাটা কার্যক্রমের সূচনা করেন।গ্রামবাসী জানান, বেশ কয়েক বছর ধরে খর্ণিয়া সেতুর পশ্চিম পাশে ইটভাটার মালিকেরা ভদ্রা নদীর চরে বাঁধ দিয়ে ও ভাঙা ইট ফেলে দখল করায় নদীর পূর্ব পাশে ভয়াবহ ভাঙন চলছে। ৯ আগস্ট থেকে নদীর পূর্ব পাশে খর্ণিয়া-শোলগাতিয়া সড়কে ব্যাপক ভাঙন শুরু হয়। ওই ঘটনার পর আশপাশের রানাই, খর্ণিয়া, আঙ্গারদোহা, টিপনা, শোলগাতিয়া গ্রামের কয়েক শ মানুষ স্বেচ্ছাশ্রমে রাস্তার পাশে বাঁশ, ইট ও বালুর বস্তা ফেলে বাঁধ রক্ষার চেষ্টা করেন। ওই অবস্থা দেখে খুলনার জেলা প্রশাসক একটি সার্ভে কমিটির মাধ্যমে মানচিত্র অনুসারে নদী দখলের পরিমাণ চিহ্নিত করে তা দ্রুত অপসারণের ঘোষণা দেন।ভদ্রা নদীর চর দখল ও ভাঙন নিয়ে ২০১০ সালের ২ ফেব্রুয়ারি, ২০১২ সালের ২১ অক্টোবর, সর্বশেষ ১৪ ও ১৫ আগস্ট প্রথম আলোতে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছে। খর্ণিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে ইটভাটার মালিকদের নদী দখলের কারণে আমরা এপারের মানুষ ভাঙনের ছোবলে রয়েছি। জেলা প্রশাসকের ডাকে আমরা স্বেচ্ছাশ্রমে বাঁধ কাটতে শুরু করেছি।’ রানাই গ্রামের আবদুল হান্নান বলেন, ‘ওই ভাটা আলাগে জন্নি আমাগে বাড়িঘর সব ভাঙ্গে নদীতি যাচ্ছে। তাই আমরা নিরুপায় হয়ে এই বান কাটতি আইছি।’ যোগাযোগ করা হলে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, ‘বাস্তবতা বিবেচনা করে ভাটামালিকদের দখল করা চর উদ্ধারে এলাকাবাসী স্বেচ্ছায় কোদাল হাতে নেমেছেন। তাঁরা যত দিন চাইবেন তত দিন কাজ চলবে। আর সরকারি সহায়তার জন্য জোর চেষ্টা চালাচ্ছি।’ খুলনা-৫ আসনের সাংসদ ও ডুমুরিয়া উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি নারায়ণ চন্দ্র চন্দ গতকাল দুপুরে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ওই বাঁধ অপসারণ করাতে আমি এখন ত্রাণ মন্ত্রণালয়ে অর্থ বরাদ্দের জন্য ও পানিসম্পদ মন্ত্রণালয়ে এক্সকাভেটর (খনন যন্ত্র) পাওয়ার চেষ্টা চালাচ্ছি।’