ইটভাটার শ্রমিককে অপহরণের পর হত্যা
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় মুনসুর আলী (২৫) নামের এক ইটভাটার শ্রমিককে অপহরণের পর হাত-পায়ের রগ কেটে ও শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। কোটচাঁদপুরের ফাদিলপুর গ্রামের চিত্রা নদী থেকে গত শুক্রবার তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। গত বৃহস্পতিবার মুনসুরকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার মহাজনপুর গ্রামের হজরত আলীর ছেলে। এলাকাবাসী ও পুলিশ জানায়, ঝিনাইদহ সদর উপজেলার রামনগর গ্রামের অনিল চন্দ্র পালের ইটভাটায় মুনসুর ও তাঁর স্ত্রী জাহিদা খাতুন শ্রমিকের কাজ করতেন। ওই ইটভাটা থেকে বৃহস্পতিবার রাতে মুনসুরকে অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা। শুক্রবার সন্ধ্যায় চিত্রা নদীর পাড়ে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। খবর পেয়ে রাতেই লাশটি উদ্ধার করে পুলিশ। গতকাল শনিবার জাহিদা থানায় এসে তাঁর স্বামীর লাশ শনাক্ত করেন। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনায় জাহিদা বাদী হয়ে গতকাল একটি হত্যা মামলা দায়ের করেছেন। মুনসুরের হাত ও পায়ের রগে কাটার চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, হাত-পায়ের রগ কেটে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।