ইটভাটার শ্রমিককে নির্যাতন করে হত্যার অভিযোগ
নোয়াখালীর সুবর্ণ চরে পাওনা টাকা পরিশোধ না করায় আবদুল মুনাফ (৫৫) নামে এক ইটভাটার শ্রমিককে চার দিন ধরে শিকল দিয়ে বেঁধে নির্যাতন করে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার চর ফানাউল্লা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আবদুল মুনাফ ওই গ্রামের মৃত সৈয়দ আহম্মদের ছেলে। স্থানীয়দের মাধ্যমে ঘটনার খবর পেয়ে গতকাল দুপুরে সুবর্ণচরের চরজব্বার থানার পুলিশ লাশ উদ্ধার এবং খতিজা খাতুন (৪২) নামে এক নারীকে আটক করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত মৌসুমে সেনবাগের ছাতারপাইয়া এলাকায় একটি ইটভাটায় কাজ করার জন্য ইটভাটার শ্রমিক আবদুল মুনাফকে ৪০ হাজার টাকা দিয়ে কেনেন ইটভাটার মাঝি আবু তাহের। এতে মধ্যস্থতা করেন একই গ্রামের আশরাফ উদ্দিন। চুক্তি অনুযায়ী মুনাফকে সব টাকা আগেই পরিশোধ করা হয়। কিন্তু কিছুদিন ভাটায় কাজ করার পর মুনাফ অসুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন।
এদিকে কাজ না করায় টাকা ফেরত নিয়ে দেওয়ার জন্য আশরাফকে চাপ দেন আবু তাহের মাঝি। যার পরিপ্রেক্ষিতে গত ২৮ অক্টোবর আশরাফ লোকজন দিয়ে বাড়ি থেকে বৃদ্ধ মুনাফকে ধরে এনে তাঁর বাড়িতে শিকল দিয়ে বেঁধে রাখেন। গতকাল সকালে আশরাফ ফোন করে মুনাফ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে বাড়িতে খবর দেন।
নিহত মুনাফের স্ত্রী বকুল আক্তার ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, গত বুধবার স্বামী তাঁকে ফোনে বলেছেন, তিন দিন ধরে তাঁকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, কোনো কিছু খেতে দেওয়া হয়নি। তাই টাকা জোগাড় করে যেন তাঁকে উদ্ধার করে নেওয়া হয়।’ তিনি অভিযোগ করেন, ‘তাঁর স্বামীকে উপোস রেখে এবং নির্যাতন করে হত্যা করা হয়েছে।’
একই অভিযোগ করেন মুনাফের মেয়ে ফেয়ারা বেগমও। তাঁরা ঘটনার সুষ্ঠু বিচার ও দোষী আশরাফের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
ঘটনাস্থল পরিদর্শনকারী চরজব্বার থানার উপপরিদর্শক লিটন চন্দ্র দত্ত প্রথম আলোকে বলেন, পাওনা টাকার দাবিতে মুনাফকে আশরাফের বাড়িতে আটকে রাখা হয়েছিল। ওই বাড়িতেই তিনি মারা যান। পরিবারের অভিযোগ, তাঁকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।