ইটভাটার শ্রমিককে বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাকা নিয়ে কাজে যোগ না দেওয়ায় মো. শাহ আলম নামের এক শ্রমিককে গত রোববার রাতে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে লক্ষ্মীপুর সদর উপজেলার একটি ইটভাটায় রেখে তিন দিন শিকলে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। এরপর তাঁকে নোয়াখালী সদর উপজেলার মাইজচরায় ওই ইটভাটার এক সরদারের গ্রামের বাড়িতে নিয়ে একই কায়দায় নির্যাতন করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার ফাতেমা ব্রিকস নামের ওই ইটভাটায় কাজ করবেন বলে মো. মোছলেম সরদারের কাছ থেকে টাকা নেন শাহ আলম। কিন্তু অসুস্থ হয়ে পড়ায় তিনি কাজে যোগ দিতে পারেননি। শাহ আলমের স্ত্রী রহিমা বেগম গত শুক্রবার প্রথম আলোকে বলেন, রোববার রাত নয়টার দিকে চারজনকে সঙ্গে নিয়ে মোছলেম তাঁদের বাড়ি যান। একপর্যায়ে তাঁর স্বামীকে জোর করে সিএনজিচালিত অটোরিকশায় তুলে ইটভাটায় নিয়ে যান। সেখানে পায়ে শিকল বেঁধে তাঁকে নির্যাতন করা হয়। গত শুক্রবার দুপুরে মোছলেম সরদারের মাইজচরা গ্রামের বাড়ি গিয়ে শাহ আলমকে আটক অবস্থায় পাওয়া যায়। এ সময় শাহ আলম গণমাধ্যমের কর্মীদের কাছে অভিযোগ করেন, ইটভাটায় কাজ করার শর্তে তিনি মোছলেমের কাছ থেকে টাকা নেন। কিন্তু অসুস্থতাজনিত কারণে কাজে যেতে পারেননি। এ কারণে তাঁকে ইটভাটায় তিন দিন আটকে রাখা হয়। এ সময় তাঁকে লাঠিপেটা করা হয়। পরে গত বুধবার তাঁকে নিজের বাড়িতে নিয়ে আসেন মোছলেম। এখানে শিকলে বেঁধে শাহ আলমকে মারধর করেন। কিন্তু সাংবাদিক আসার খবর শুনে শিকল খুলে দেন।নির্যাতনের অভিযোগ অস্বীকার করে মোছলেম বলেন, তিনি শাহ আলমের কাছে ৩২ হাজার টাকা পান। কাজ না করায় শাহ আলমকে রোববার রাতে পাঁচ হাজার টাকা খরচ করে বাড়ি থেকে উঠিয়ে আনেন। প্রথমে তাঁকে ফাতেমা ব্রিক ফিল্ডে ও পরে তাঁর বাড়িতে আনেন।শুক্রবার স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য জালাল আহমেদ শাহ আলমকে উদ্ধার করে তাঁর হেফাজতে রাখেন। গতকাল শনিবার দুপুরে লক্ষ্মীপুর সরদর উপজেলার দুই ব্যক্তির জিম্মায় তাঁকে ছেড়ে দেওয়া হয়। ইটভাটার মালিক শামছুল আলম বলেন, ওই শ্রমিককে ইটভাটায় কোনো নির্যাতন করা হয়নি। নোয়াখালীর সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ করা হয়নি।