ইটভাটাশ্রমিকের মৃত্যু পাঁচজনকে গণপিটুনি
নোয়াখালীর সদর উপজেলার মন্দারতলী গ্রামে গতকাল মঙ্গলবার সন্ত্রাসীদের হামলায় মো. স্বপন (২৭) নামের এক ইটভাটাশ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় আশপাশের লোকজন চারজন যুবক এবং একজন নারীকে আটক করে পিটুনি দেয়। পরে সুধারাম থানা পুলিশ গিয়ে তাঁদের আটক করে। আটক মো. জুয়েল (৩০), নূর উদ্দিন (২৫), মো. মান্নান (৪০) ও নূর নবীকে (২৮) নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইটভাটাশ্রমিক স্বপনের স্ত্রী রুমির সঙ্গে গত সোমবার প্রতিবেশী হোসনে আরার ঝগড়া হয়। গতকাল দুপুর দুইটার দিকে স্বপন তাঁর স্ত্রীকে নিয়ে পাশে বোনের বাড়িতে দাওয়াত খেতে যান। হঠাৎ দুটি মোটরসাইকেলে করে হোসনে আরার ভাই মো. জুয়েল ও নূর উদ্দিনসহ চার যুবক ওই বাড়িতে যান। তাঁরা স্বপনকে ঘর থেকে বাইরে এনে বেধড়ক পিটুনি দেন। এতে ঘটনাস্থলেই স্বপনের মৃত্যু হয়। এ সময় স্বপনের স্ত্রী ও অন্যদের চিৎকারে আশপাশের বাড়ির লোকজন এসে ধাওয়া দিয়ে ওই চার যুবককে আটক করে এবং পিটুনি দেয়। পরে সুধারাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বপনের লাশ উদ্ধার করে এবং আটক ব্যক্তিদের থানায় নিয়ে আসে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার প্রথম আলোকে বলেন, দুই বাড়ির দুই নারীর ঝগড়ার জের ধরে ঘটনার সূত্রপাত। এ ঘটনায় এক নারীসহ পাঁচজনকে আটক করা হয়েছে। থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।