ইটভাটায় আটকে রেখে নির্যাতনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর পলাশের কাজইর এলাকার এম এ ব্রিকস নামের একটি ইটভাটায় শিশুসহ ১৪ জনকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ভ্রাম্যমাণ আদালত গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে তাঁদের উদ্ধার করেন। এ ঘটনায় ইটভাটার মালিক আবদুল আজিজকে আটক করা হয়েছে।
উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে চারটি শিশু ও ১০ জন শ্রমিক। তাঁদের সবার বাড়ি খুলনার পাইকগাছা উপজেলায়। তাঁরা হলেন ওই উপজেলার শান্তা গ্রামের ইকবাল শেখের স্ত্রী শিউলি আক্তার (২৫) ও তাঁর মেয়ে খাদিজা আক্তার (৪), সোহেল মিয়ার স্ত্রী আয়েশা আক্তার (২২) ও তাঁর ছেলে সাজ্জাদ মিয়া (৪), ইসহাক মিয়া (৩৫) ও তাঁর স্ত্রী ঝরিনা বেগম (২৭) এবং তাঁদের দুই ছেলে হাসান (৭) ও হুসাইন (৩); শুকুর আলী (৩৫), ইয়াছিন মিয়া (২৫), ইয়াছিন মিয়া (২০), রাকিব মিয়া (২২), এবং গড়াইখালী গ্রামের নাঈম মিয়া (৪৫) ও তাঁর স্ত্রী মনিকা বেগম (৩৫)।
শিউলি আক্তার ও আয়েশা আক্তার প্রথম আলোকে বলেন, ‘ইটভাটায় রাতের বেলা আমাদের তালাবদ্ধ করে ও দিনের বেলা পাহারা দিয়ে রাখা হতো। সপ্তাহে তিন দিন কিছু চাল আর অল্প সবজি দিত। আর তিন দিন না খেয়ে থাকতে হয়েছে। ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় ইকবাল ও সোহেল পালিয়ে যাওয়ার পর রাতে মুসা, মকবুল ও আরেকজন আমাদের ঘরে ঢুকে আমাকে ও ননদ আয়েশা আক্তারকে নির্যাতন ও মারধর করে।’
জেলা প্রশাসন ও নির্যাতনের শিকার হওয়া লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছরের অক্টোবরে মানিকগঞ্জের মোবারক হোসেন নামের এক শ্রমিক সর্দারের সঙ্গে চুক্তিতে পাইকগাছার ৪৫ জন এম এ ব্রিকসে শ্রমিক হিসেবে যোগ দেন। গত ডিসেম্বরে মোবারক হোসেন ইটভাটার মালিক আবদুল আজিজের কাছ থেকে সাত লাখ টাকা নিয়ে পালিয়ে যান। এতে আজিজ মালিক ক্ষিপ্ত হয়ে শ্রমিকদের মজুরি না দিয়ে তাঁদের আটকে রেখে শুধু কাজ করান। এ কারণে কয়েক দিনের মধ্যে বিভিন্ন সময় প্রায় ৩৫ জন শ্রমিক পালিয়ে যান। এরপর নজরদারি বাড়িয়ে দেওয়ায় বাকিরা পালাতে পারেননি।
২০ ফেব্রুয়ারি ইকবাল ও সোহেল মিয়া পালিয়ে গিয়ে সেন্টার ফর হিউম্যান রাইটস অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট নামের একটি মানবাধিকার সংস্থার মাধ্যমে জেলা প্রশাসকের কাছে একটি অভিযোগ পাঠান। এরপর গতকাল রোববার সন্ধ্যায় জেলা প্রশাসক ওবায়দুল আজম ও নির্বাহী হাকিম কামরুন নাহারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ঝরিনা বেগম বলেন, ‘আমাদের গত সোমবার থেকে কোনো খাবার না দেওয়ায় বাধ্য হয়ে মঙ্গলবার রাতে আমার স্বামী ইসহাক মিয়া তাঁর রুপার একটি আংটি ১০০ টাকায় বন্ধক রাখে। পরে ওই টাকায় চিড়া এনে সবাই খেয়েছি। আমাদের টাকাপয়সা কিছুই দেয় না, শুধু কাজ করতে বলে। না খেয়ে কাজ করতে পারব না বললেই মারধর করে।’
অভিযোগ অস্বীকার করে আবদুল আজিজ বলেন, ‘মোবারক (শ্রমিক সর্দার) আমার কাছ থেকে সাত লাখ টাকা নিয়েছে। তিন মাস ধরে সে লাপাত্তা। শ্রমিকদের আমরা আটকে রাখিনি। তারা আমাদের এখানে কাজ করছে। চুক্তি অনুযায়ী মোবারক সব টাকা নিয়ে গেলে এখন আমরা কী করব। আর ইটভাটাটি আমার ছোট ভাই বকুল শেখ দেখাশোনা করে। সে সবকিছু বলতে পারবে।’
জেলা প্রশাসক ওবায়দুল আজম বলেন, ‘পরিকল্পনা মন্ত্রণালয়ে যুগ্ম সচিব শেখ আবদুর রউফ স্বাক্ষরিত একটি বার্তা পেয়ে আমি সরেজমিনে যাই। সেখানে খোঁজ করে চারটি শিশুসহ ১৪ জনকে উদ্ধার করে নিয়ে আসি। পাশাপাশি কারখানার এক মালিককে আটক করা হয়।’