ইটভাটায় আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ
দেশের ইটভাটায় ব্যবহূত ১২০ ফুট স্থায়ী চিমনি পরিবর্তন করে আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ দিয়েছে পরিবেশ ও বন মন্ত্রণালয়। এ জন্য ইটভাটার মালিকদের আগামী ২০ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত এ সময়ের মধ্যে নির্দেশ পালনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করে দেওয়া হয়েছে। এই পরিপ্রেক্ষিতে সম্প্রতি উত্তরাঞ্চলের ১৬টি জেলার জেলা প্রশাসকের কার্যালয় থেকে ইটভাটার মালিকদের এ-সংক্রান্ত নির্দেশ দেওয়া হয়েছে। বগুড়া জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১২ জুলাই ও ২০ সেপ্টেম্বর পরিবেশ ও বন মন্ত্রণালয় থেকে পৃথক স্মারকে দুটি চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়, দেশের ১২০ ফুট চিমনির ইটভাটাগুলো পরিবেশ দূষণ করছে। এগুলো ভেঙে ফেলে আধুনিক প্রযুক্তির হফম্যান কিলন, জিগজ্যাগ কিলন, ভার্টিক্যাল শ্যাফট কিলনসহ অন্যান্য পরীক্ষিত আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে। এ জন্য চলতি বছরের ২০ সেপ্টেম্বর পর্যন্ত ইটভাটার মালিকদের সময় বেঁধে দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে নির্দেশ পালনে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, গত ২৪ এপ্রিল বগুড়াসহ উত্তরাঞ্চলের ১৬ জেলার ইটভাটার মালিকদের কাছে এ নির্দেশনা পৌঁছে দেওয়া হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন ইটভাটার মালিকেরা। গত শুক্রবার বগুড়ার পর্যটন মোটেলে ১৬টি জেলার ইটভাটার মালিকদের এক জরুরি সভায় মালিকেরা বলেন, পরিবেশ রক্ষার নামে দফায় দফায় ইটভাটার চিমনির আকার পরিবর্তন ও বিভিন্ন বিভাগের কাছ থেকে ছাড়পত্র প্রদানের সিদ্ধান্ত বাতিল না করলে উচ্চ আদালতে যেতে বাধ্য হবেন তাঁরা।