ইটভাটায় কাঠ পোড়ানোর অনুমতি চান মালিকেরা, প্রশাসনের 'না'
ভোলার ইটভাটার মালিকেরা কয়লার চরম সংকটের কথা জানিয়ে জেলা প্রশাসকের কাছে ভাটায় জ্বালানি কাঠ পোড়ানোর দাবি করেছেন। তবে জেলা প্রশাসক ওই দাবি নাকচ করে দিয়েছেন।
গতকাল মঙ্গলবার জেলা প্রশাসক মিলনায়তনে প্রায় ৪০ জন ইটভাটার মালিককে নিয়ে ‘ইটভাটা আইন অবহিতকরণ সভা’ ডাকা হয়। সভায় ভাটামালিকেরা ওই দাবি করেন।
ইটভাটার মালিক ও জেলা প্রশাসকের লাইসেন্স শাখা সূত্রে জানা গেছে, ভোলায় প্রায় ৯৫টি ইটভাটা আছে, যার মধ্যে মাত্র ৩০টি পরিবেশবান্ধব জিগজ্যাগ ও অটোব্রিকস ইটভাটা বানিয়েছে, যাতে কয়লা পোড়ানো হচ্ছে। বাকি ভাটাগুলো সরকারি আইন উপেক্ষা করে বছরের পর বছর ইট পুড়িয়ে আসছে। ইট পোড়ানোর মৌসুম সামনে রেখে ওই ৬৫টি ভাটায় ইতিমধ্যে কয়েক হাজার মেট্রিক টন জ্বালানি কাঠ জমা করা হয়েছে।
সোনালি ব্রিকসের মালিক হারুন অর রশিদ হাওলাদার ও খোকন গোলদার বলেন, প্রতি টন কয়লা ছয় থেকে সাত হাজার টাকায় ভোলায় আসত। এখন প্রতি টন কয়লা ১৪ হাজার টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না। ভোলায় ৩০টি পরিবেশবান্ধব ইটভাটার জন্য এক লাখ মেট্রিক টন কয়লা দরকার। কয়লা না পেলে ওই ভাটাগুলো বন্ধ থাকবে।
ভোলার বোরহানউদ্দিনের মেঘনা ব্রিকসের মালিক আল এমরান ও মিহান ব্রিকসের নুরুল আমিন বলেন, দেশে কয়লার চরম সংকটে ইটভাটা বন্ধ রাখা ছাড়া উপায় নেই। ইট উৎপাদন বন্ধ থাকলে উন্নয়ন বন্ধ থাকবে। এ অবস্থায় তাঁরা কয়লা না আসা পর্যন্ত কাঠ পোড়ানোর দাবি করেছেন।
ভোলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মোশারেফ হোসেন বলেন, ইটভাটার আইন মেনে ইট পোড়ানো কঠিন। কয়লা না আসা পর্যন্ত ইট পোড়ানোর সুযোগ দেওয়া উচিত।
জেলা প্রশাসক মো. সেলিম রেজা ভাটার মালিকদের বলেন, ইট পোড়াতে হলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র এনে ভাটার লাইসেন্স করতে হবে। ভাটায় কোনো কাঠ পোড়ানো যাবে না। কয়লার সংকট হলে ভোলার মালিকদের কেন্দ্রীয় মালিক সমিতির সঙ্গে বসতে হবে। দেন-দরবার করতে হবে। কিন্তু আইন অমান্য করা যাবে না।