ইটভাটায় কয়লার পরিবর্তে কাঠ পোড়ানোর প্রস্তুতি
লক্ষ্মীপুর সদর উপজেলার ২০টি ইটভাটায় কয়লার পরিবর্তে কাঠ পোড়ানোর প্রস্তুতি নিচ্ছেন মালিকেরা। এতে উজাড় হচ্ছে লক্ষ্মীপুরের বনবাদাড়ের গাছ। বিনষ্ট হচ্ছে পরিবেশের ভারসাম্য। অধিকাংশ ইটভাটার মালিকেরা রাজনৈতিক পরিচয় ও প্রভাব খাটিয়ে অবৈধভাবে ভাটা নির্মাণ করছেন। এসব ভাটায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ইট পোড়ানোর অভিযোগ রয়েছে। গত সোমবার সরেজমিনে দেখা গেছে, সদর উপজেলার দিঘলী, মান্দারী ও কুশাখালী ইউনিয়নের বেশ কয়েকটি ভাটায় জ্বালানি হিসেবে কাঠ এনে সূ্তপ করে রাখা হচ্ছে। এসব ইটভাটায় বাংলা চিমনি ব্যবহারের প্রস্তুতি নিচ্ছেন ভাটার মালিকেরা। আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে শুরু হবে ইট পোড়ানোর কাজ। কুশাখালী গ্রামের মা ব্রিকসে মাটি কেটে শ্রমিকেরা ইট তৈরি করছেন। আর ভাটার মধ্যে জমা করা হচ্ছে জ্বালানি কাঠ। এ ভাটার মালিক ও জেলা কৃষক লীগের সভাপতি মো. ওমর হোসেন বলেন, ‘দেশ যত দিন আছে, অনিয়ম ও দুর্নীতি তত দিন থাকবে। ভবিষ্যতে সরকারের নিয়মনীতি অনুযায়ী ইটভাটা পরিচালনা করব।’ ওমর হোসেন আরও বলেন, ‘আগামী মার্চ মাস পর্যন্ত সংসদীয় কমিটি বয়লার মালিকদের ভাটার শর্ত পূরণের জন্য একটি সময় দিয়েছে। আমরা ড্রাম চিমনির মালিকেরা আগামী মার্চ পর্যন্ত সরকারের কাছে সেই দাবি করছি।’ ইটভাটা মালিক সমিতির সাবেক সভাপতি শেখ মুজিবুর রহমান জানান, মালিকেরা গত বছর ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই সরকারের নিয়ম অনুযায়ী ইটভাটা পরিচালনা করা সম্ভব হচ্ছে না। আগামী বছর থেকে সরকারের নিয়ম অনুযায়ী সদর উপজেলায় ইটভাটা পরিচালিত হবে। পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক মো. জাফর আহমেদ জানান, ড্রাম চিমনির ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অনুমোদন দেওয়ার প্রশ্নই আসে না। সরকার ১২০ ফুট বয়লারের ভাটার বিরুদ্ধে পরিবেশদূষণের কারণে ব্যবস্থা নিচ্ছে খুব শিগগির। এসব অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালিত হবে। লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এ কে এম মিজানুর রহমান জানান, অবৈধভাবে ইটভাটায় কাঠ পোড়ানোর ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।