ইটভাটায় ড্রাম চিমনি ও কাঠ পোড়ানো বন্ধ হচ্ছে না
বরিশাল অঞ্চলে এক বছরে অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা জরিমানা আদায় এবং কয়েক লাখ মণ কাঠ জব্দ করা সত্ত্বেও ইটভাটায় অবৈধ ড্রাম চিমনির ব্যবহার ও কাঠ পোড়ানো বন্ধ হচ্ছে না।পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, বরিশাল বিভাগে ৩৭৩টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ২৩২টি ইটভাটার অনুমোদন আছে। এ ছাড়া ১৪০টিতে অবৈধ ড্রাম চিমনি আর ১৭৯টিতে ১২০ ফুট উচ্চতার চিমনি রয়েছে। ৪৬টির পরিবেশগত ও আটটির অবস্থানগত ছাড়পত্র আছে। অধিকাংশ ইটভাটা লোকালয়ের মধ্যে। প্রায় সব ইটভাটাতেই পোড়ানো হচ্ছে কাঠ। এ পর্যন্ত বরিশাল অঞ্চলে সাতটি ইটভাটায় জিগজ্যাগ ও দুটিতে হফম্যান চিমনি স্থাপন করা হয়েছে।পরিবেশ অধিদপ্তরের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভ্রাম্যমাণ আদালত গত জানুয়ারি থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত ১৫টি ইটভাটার অনুমোদন না থাকায় সাত লাখ ৬০ হাজার এবং ২০টি ইটাভাটায় ড্রাম চিমনি ও কাঠ পোড়ানোর অভিযোগে ৩৫ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ ছাড়া ছাড়পত্র নেওয়া ৫২টি ইটভাটায় আধুনিক চিমনি স্থাপনের উদ্যোগ না নেওয়ায় প্রতিটিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এরপর তাদের আধুনিকায়নের সুযোগ দেওয়া হয়েছে। অভিযানের সময় কয়েক লাখ মণ কাঠ জব্দ করা হয়েছে।পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগের পরিচালক সুকুমার বিশ্বাস জানান, গত নভেম্বরে জারি করা গণবিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ৩১ মার্চের মধ্যে সব ইটভাটায় জিগজ্যাগ, হাইব্রিড হফম্যান, ভার্টিক্যাল শ্যাফট কিলন বা উন্নত প্রযুক্তির যেকোন চিমনি স্থাপন করতে হবে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়া ১২০ ফুট উচ্চতার স্থায়ী চিমনিবিশিষ্ট ১৫৫টি ইটভাটায়ও উন্নত মানের চিমনি বসাতে হবে। যেসব ইটভাটায় এখনো আধুনিক চিমনি বসানোর প্রক্রিয়া শুরু করা হয়নি, সেগুলোকে এক লাখ টাকা করে জরিমানাসাপেক্ষে ৩১ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে।এ ছাড়া এক বছরে ইটভাটাগুলো থেকে রাজস্ব আদায় হয়েছে প্রায় ৭১ লাখ টাকা। এই অভিযান অব্যাহত থাকবে। অবৈধ কার্যক্রম বন্ধ করতে সবার সহযোগিতাও প্রয়োজন।বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) বরিশাল কার্যালয় সূত্রে জানা যায়, ২০০৭ সালে বরিশালের ৩৩টি অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করতে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়। আদালত ওই সব ইটভাটার বিরুদ্ধে স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। এই নিষেধাজ্ঞা বলবৎ থাকার পরও সেগুলোর কার্যক্রম চলছে।বেলার বরিশাল কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লিংকন বায়েন জানান, এ অঞ্চলে অবৈধভাবে নির্মাণ করা ইটভাটার বিরুদ্ধে নোটিশ ও উচ্চ আদালতে রিট করেও কার্যক্রম বন্ধ করা যায়নি।