ইটভাটায় দূষণমুক্ত প্রযুক্তি চালু করতে হবে এক বছরের মধ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সব ইটভাটায় এক বছরের মধ্যে (২০১২ সালের সেপ্টেম্বর মাস) দূষণমুক্ত প্রযুক্তি চালু করতে হবে। এ জন্য বাংলাদেশ ব্যাংক ও রাষ্ট্রায়ত্ত তফসিলি ব্যাংকগুলো ঋণ দেবে। এই খাতে বাংলাদেশ ব্যাংক ২০০ কোটি টাকা বরাদ্দ রেখেছে, যার ৩০ কোটি ইতিমধ্যে ছাড় করা হয়েছে। ‘ইন্ট্রোডিউসিং এনার্জি-এফিসিয়েন্ট ক্লিন টেকনোলজিস ইন দ্য ব্রিক সেক্টর অব বাংলাদেশ’ শীর্ষক এক কর্মশালায় এসব তথ্য জানানো হয়েছে। গতকাল রোববার সকালে স্থানীয় একটি হোটেলে ওই কর্মশালার আয়োজন করা হয়।পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মনোয়ার ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবুল কাশেম ও বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর জাহিদ হোসাইন। কর্মশালায় পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বর্তমান সরকার দেশের উন্নয়ন চায়। তবে তা অবশ্যই পরিবেশ ঠিক রেখে করতে হবে। এ সরকার পরিবেশবান্ধব সরকার। পরিবেশকে বাদ দিয়ে যে উন্নয়ন সংঘটিত হয়, তাকে কখনোই টেকসই উন্নয়ন বলা যায় না। তিনি বলেন, ২০১২ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে দেশের সব ইটভাটায় দূষণমুক্ত প্রযুক্তি চালু করতে হবে। গণচীনের উদাহরণ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, চীনের মতো একটি বিশাল রাষ্ট্র ১৯৯২ সালে পরিবেশবান্ধব ইটভাটা স্থাপন শুরু করে ২০০৭ সালে সমগ্র দেশে তা বাস্তবায়ন করে। এ ক্ষেত্রে চীনকে অনুসরণ করে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারে বাংলাদেশ। তিনি বলেন, মোটরগাড়ি যেখানে ১৯ শতাংশ বায়ুদূষণের কারণ, সেখানে ইটভাটা বায়ুদূষণ করছে প্রায় ৩৮ শতাংশ। তাই বিষয়টি নিয়ে আর বসে থাকা যায় না। বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর বলেন, চলতি বছরের ডিসেম্বর থেকে বিশ্বব্যাংক দেশের সাতটি বিভাগে এ বিষয়ে পাইলট প্রকল্প চালু করবে। অনুষ্ঠানে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মেসবাউল আলম, যুগ্ম সচিব (উন্নয়ন) মোহাম্মদ নাসিরুদ্দীন, বিশ্বব্যাংকের কর্মকর্তা জিই লি, লেলিয়া ক্রইতরু, মারিয়া স্যারফ প্রমুখ বক্তব্য দেন।বক্তারা বলেন, দেশের ইটভাটাগুলো মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এক শতাংশ অবদান রাখছে। এই খাতের সঙ্গে ১০ লাখ শ্রমজীবী মানুষ জড়িত। তাই এ খাতকে কখনোই ধ্বংস হতে দেওয়া যাবে না। তবে তা অবশ্যই পরিবেশবান্ধব উপায়ে টিকিয়ে রাখতে হবে।