ইটভাটায় ফসলি জমির মাটি বিক্রি বাড়ছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বিচারে আবাদি জমির মাটি কেটে ইটভাটায় ব্যবহার করায় দিনাজপুরের পার্বতীপুরে প্রতিবছর কয়েক হাজার একর জমি উর্বরতা হারাচ্ছে, অনাবাদি পড়ে থাকছে কয়েক শ একর জমি। প্রশাসনিক হস্তক্ষেপ জোরদার না থাকায় আশঙ্কাজনক হারে বাড়ছে এ প্রবণতা।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সর্বশেষ চলতি বছরের পরিসংখ্যান অনুযায়ী উপজেলায় বর্তমানে ৩০টি ইটভাটা রয়েছে। ভাটার মালিকদের সঙ্গে আলাপে জানা যায়, প্রতি মৌসুমে একেকটি ভাটায় ৪০-৫০ লাখ ইট হয়। একেকটি ইটের ওজন পাঁচ কেজি ধরে গড়ে প্রতি ভাটায় এক মৌসুমে আনুমানিক ২৩ হাজার মেট্রিক টন মাটি লাগে।অন্যদিকে, ইটের চাহিদা বাড়ায় প্রতিবছর উপজেলায় দু-তিনটি নতুন ভাটা হচ্ছে। ভাটাগুলোর মাটির চাহিদার প্রায় পুরোটাই পূরণ হচ্ছে ফসলি জমি থেকে। বিশেষ করে কার্তিক-অগ্রহায়ণ থেকে ইরি-বোরো মৌসুম শুরুর আগ পর্যন্ত ভাটার মালিকেরা জমির মালিকদের বাড়তি টাকার লোভ দেখিয়ে জমির উপরিভাগের মাটি কিনে নিয়ে যান। পরিবহন মালিকেরা জমির উপরিভাগের মাটি বিঘাপ্রতি (৬০ শতক) পাঁচ হাজার থেকে ২০ হাজার টাকায় দেড় থেকে তিন ফুট গভীর করে কেটে নিয়ে ভাটায় সরবরাহ করেন।চণ্ডীপুর ইউনিয়নের কৃষক জাকির হোসেন জানান, তাঁদের গ্রামের ফসলি জমির মাটি কতিপয় ট্রাক্টর মালিক রাতে চুরি করে নিয়ে ভাটায় বিক্রি করে দিচ্ছেন। ভাটার মালিক ও মোমিনপুর ইউপির চেয়ারম্যান আবদুল ওহাব মণ্ডল জানান, একটি ইটভাটা করতে ১০-১২ একর জমি লাগে। অথচ সরকারি বিধি অনুযায়ী একেকটি ভাটায় দুই একরের বেশি জমি ব্যবহার করা যাবে না। সেই হিসাবে পার্বতীপুরের ৩০টি ভাটা ইতিমধ্যে ৩০০ থেকে ৩৫০ একর আবাদি জমি গ্রাস করেছে।সরেজমিন দেখা যায়, নির্বিচারে মাটি কাটার ফলে পার্বতীপুর-দিনাজপুর সড়কের পাশে মন্মথপুর গ্রামের ডিএ ইটভাটা এলাকায় বিস্তীর্ণ কৃষিজমি অনাবাদি পড়ে আছে। ভাটার নিকটবর্তী পশ্চিম রাজাবাসর গ্রামের কৃষক আজিজার রহমান, মন্মথপুর গ্রামের বিনোদ চন্দ্র বিশ্বাস ও মন্মথ বিশ্বাস জানান, ভাটায় আবাদি জমির মাটি বেচে দেওয়ায় এ বছর তাঁদের অন্তত সাড়ে তিন বিঘা জমি অনাবাদি পড়ে আছে।উপজেলা কৃষি কর্মকর্তা আবু ফাত্তাহ মো. রওশন কবির বলেন, ‘জমির উপরিভাগের ছয় ইঞ্চি থেকে দেড় ফুট গভীরতার মধ্যেই (টপ সয়েল) ফসলের প্রয়োজনীয় সব খাদ্য উপাদান থাকে। টপ সয়েল কেটে নেওয়ার পর এসব জমির স্বাভাবিক উর্বরতা ফিরে আসতে অন্তত ৮-১০ বছর লাগে।উপজেলা নির্বাহী কর্মকর্তা মুজিব-উল-ফেরদৌস জানান, ইটভাটা স্থাপনের অনুমতি দেন জেলা প্রশাসক। আর পরিবেশ অধিদপ্তরের দেওয়া শর্ত কতটা পালন করা হচ্ছে তাও দেখার দায়িত্ব জেলা প্রশাসনের। এ ক্ষেত্রে উপজেলা প্রশাসনের কোনো ভূমিকা নেই। দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিজুল ইসলাম বলেন, ইটভাটার নিবন্ধনের সময় মালিকেরা বিধি অনুযায়ী দুই একরের বেশি জমি ব্যবহার না করার অঙ্গীকার করলেও কেউ তা মানছেন না।