ইটভাটায় মাটিচাপায় শ্রমিক নিহত
সিলেটের গোয়াইনঘাটের লামাপাড়া গ্রামে একটি ইটভাটায় ইট তৈরির জন্য রাখা মাটির স্তূপের নিচে চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বুধবার এই ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম বশির উদ্দিন (৫০)। তাঁর বাড়ি গোয়াইনঘাটের লামাপাড়া গ্রামে।
ইটভাটার শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, দৈনিক মজুরির ভিত্তিতে সালুটিকর ব্রিকস লিমিটেড নামের ওই ইটভাটায় কাজ করতেন বশির উদ্দিন। গতকাল সকালে তিনিসহ একদল শ্রমিক ইট তৈরির জন্য রাখা মাটির স্তূপ থেকে মাটি সরানোর কাজ করছিলেন। দুপুর ১২টার দিকে তিনি মাটির নিচে পড়ে যান। এ সময় অন্য শ্রমিকেরা তাঁকে উদ্ধার করে পুলিশে খবর দেন।
সালুটিকর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই খসরুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বশিরকে উদ্ধার করে পাশের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বশিরের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।