ইটভাটায় যাতায়াতে নদে বাঁধ
ইটভাটায় যাতায়াত ও মাটির ব্যবসার জন্য টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার চানপুর এলাকায় বংশাই নদে আড়াআড়ি দুটি বাঁধ দেওয়া হয়েছে। এতে নৌযান চলাচল বন্ধ হয়ে গেছে। বাধাগ্রস্ত হচ্ছে মাছের অবাধ বিচরণ।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নদের উত্তর পাশে নতুন একটি ইটভাটা হচ্ছে। ওই ভাটায় মাটি আনা-নেওয়ার জন্য স্থানীয় মাটি ব্যবসায়ীরা নদীতে বাঁধ দিয়েছেন। ইটভাটার মালিক মোস্তফা মিয়া, মাটি ব্যবসায়ী আলমগীর হোসেন, তাঁর ভাতিজা লিটন মিয়া, প্রলয়বাবু, আবুল কাশেম ও নজরুল ইসলাম বাঁধ নির্মাণে জড়িত। তাঁরা নদের পাড়সহ বিভিন্ন স্থান থেকে মাটি কেটে অন্যত্র নিয়ে যাচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, চানপুর সেতুর পাশেই নদের ওপর একটি এবং এর ২০০ গজ দূরে আরেকটি বাঁধ দেওয়া হয়েছে। নদে নৌযান চলাচল বন্ধ রয়েছে। নদের প্রবাহ ঠিক রাখতে বাঁধের নিচে নামমাত্র পাইপ বসানো হয়েছে।
বাঁধের কারণে নদের মাঝখানে চর জেগেছে। বাঁধ দুটি দিয়ে প্রতিদিন ২০-২৫টি ট্রাক মাটি নিয়ে প্রায় ৩০০ বার যাতায়াত করে বলে চালকেরা জানিয়েছেন।
ট্রাকচালক গোড়াই নাজিরপাড়া গ্রামের আকবর হোসেন ও রহিমপুর গ্রামের সুজন মিয়া বলেন, কেবিএম-২ নামক ইটভাটার মালিক মোস্তফা মিয়ার ভাটায় মাটি নিতে সেতুর পাশের বাঁধটি ব্যবহার হয়। প্রলয়বাবু নামে এক ব্যক্তি বাঁধ দিয়ে ট্রাকে ব্যবসার জন্য মাটি আনা-নেওয়া করেন। তাঁরা দুজন দুটি ট্রাকে করে গড়ে প্রতিদিন ৩০ বার ইটভাটায় মাটি নেন।
প্রলয়বাবুকে খোঁজ করে এলাকায় পাওয়া যায়নি। ইটভাটার মালিক মোস্তফা বলেন, তিনি নতুন ভাটার জন্য কয়েক দিন সেতুর ওপর দিয়ে মাটি নিয়েছেন। ট্রাকচালকেরা কেন বাঁধ দিয়ে মাটি নেওয়ার কথা বলছেন তা তাঁর বোধগম্য নয়।
বাঁধ দেখভালের কাজে নিয়োজিত রংপুরের মিঠাপুকুর উপজেলার মধুপুকুর গ্রামের আলম মিয়া বলেন, পানির প্রবাহ ঠিক রাখতে বাঁধের দুই পাশে দুটি করে পাইপ বসানো হলেও আগের চেয়ে পশ্চিম দিকে (ভাটার দিক) পানি প্রায় এক হাত কম আছে।
চানপুর গ্রামের আলাল ও লতিফপুর গ্রামের মোস্তফা বলেন, বাঁধ দুটি না থাকলে শুষ্ক মৌসুমেও নদে নৌকা চলত। বাঁধের কারণে নদে মাছের অবাধ বিচরণ বন্ধ হয়ে গেছে।
মাটি ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, সেতুর কাছের বাঁধটি স্থানীয় কাশেম, নজরুলসহ আরও কয়েকজন মিলে দিয়েছেন। ওই বাঁধটি দিয়ে ১০ থেকে ১২ বছর ধরে মাটি আনা-নেওয়া করা হচ্ছে। তবে এবার বাঁধটি আগের চেয়ে উঁচু করা হয়েছে।
লিটন মিয়া সেতু থেকে দূরের বাঁধটি তাঁদের দেওয়া স্বীকার করে বলেন, মাটি আনা-নেওয়া শেষ হলে বাঁধ কেটে দেওয়া হবে।
মাটি ব্যবসায়ী নজরুল ইসলামকে খোঁজ করে এলাকায় পাওয়া যায়নি। আরেক ব্যবসায়ী আবুল কাশেম মুঠোফোনে বলেন, তাঁরা শুধু মাটি বিক্রি করেন। বাঁধের ওপর দিয়ে ট্রাক চালান না। এ সময় তাঁর কাছে প্রলয়বাবুর মুঠোফোনের নম্বর চাইলে পরে দেবেন বলে সংযোগ কেটে দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাম্মৎ নাদিরা আখতার বলেন, বিষয়টি তাঁর জানা ছিল না। ওই স্থানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে বাঁধ অপসারণ করা হবে।