ইটভাটায় সাবাড় হচ্ছে পাহাড় ও গাছ
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইটভাটাগুলোতে সাবাড় হচ্ছে সংরক্ষিত বনাঞ্চলের পাহাড় ও গাছ। তিন মাস ধরে পাহাড় কেটে ইট তৈরি ও গাছ দিয়ে পোড়ানোর ঘটনা ঘটলেও কোনো ব্যবস্থা নেয়নি বন বিভাগ। জেলা ও উপজেলা প্রশাসন ইটভাটাগুলোতে একাধিকবার অভিযান চালিয়ে জরিমানা আদায় করেছে। তবে মামলা না করায় পাহাড় ও গাছ কাটা নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছেন ইটভাটার মালিকেরা।স্থানীয় একাধিক সূত্র জানায়, রাঙামাটির ঘাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম রাঙ্গুনিয়া উপজেলার ঘাগড়া এলাকায় রহমানিয়া ব্রিকস ম্যানুফ্যাকচারাস (আরবিএম) নামে একটি ইটভাটা স্থাপন করে পার্শ্ববর্তী সংরক্ষিত বনের পাহাড় কেটে মাটি সংগ্রহ করে ইট তৈরি করে আসছেন। তিন মাস ধরে তিনি ওই এলাকার একটি বড় পাহাড় কেটে সাবাড় করে দিয়েছেন। এমনকি সংরক্ষিত বনাঞ্চলের সামাজিক বনায়ন প্রকল্পের বিভিন্ন প্রজাতির গাছ কেটে ভাটার ইট পোড়াচ্ছেন। একই ইউনিয়নের মগাইছড়ি পুলিশ ক্যাম্প এলাকায় সংরক্ষিত বনের পাহাড় ও গাছ কেটে সাবাড় করছেন এমবিডব্লিউ ইটভাটার মালিক খোকন। রাজানগর ইউনিয়নের ঠান্ডাছড়ি এলাকা থেকে পাহাড় ও গাছ কেটে সাবাড় করছেন ডিএনসি ইটভাটার মালিক আশরাফ আলী। এভাবে ১৩টি ইটভাটার মালিক বেপরোয়াভাবে পাহাড় ও গাছ কেটে ধ্বংস করছেন।এ ব্যাপারে আরবিএম ইটভাটার মালিক সফিকুল ইসলাম জানান, ‘ফসলি জমির মাটি নিলে টপ সয়েল নষ্ট করার অভিযোগ তোলা হয়। তাই পাহাড় কেটে মাটি সংগ্রহ করা হয়েছে। আর গাছ ছাড়া ইটভাটায় আগুন জ্বলবে কী করে! ভাটায় সংগৃহীত গাছ টাকা দিয়ে ক্রয় করা হয়েছে। এসব গাছ সংরক্ষিত বনের না সামাজিক বনায়নের তা আমার দেখার দরকার কী।’ একই কথা বলেছেন অন্য ইটভাটার মালিকেরাও। তবে ডিএনসি ইটভাটার মালিক আশরাফ আলী বলেন, ইটভাটাগুলোতে যেসব গাছ পোড়ানো হচ্ছে তা শুধু সংরক্ষিত বনের নয়। পারিবারিক পরিবেশে বেড়ে ওঠা বাগানের গাছও রয়েছে। আর তিনি পাহাড় নয় পাহাড়ের পাদদেশ কেটে মাটি সংগ্রহ করেছেন বলে দাবি করেন।এলাকাবাসী জানান, চট্টগ্রাম উত্তর বন বিভাগের ইছামতী রেঞ্জের আওতাধীন রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নে প্রায় ৫১টি, রাজানগর ইউনিয়নে ২৭টি, লালানগর ইউনিয়নে তিনটি ও হোছনাবাদ ইউনিয়নে তিনটি ইটভাটা রয়েছে। এসব ভাটার অধিকাংশই পাহাড় কেটে ইট তৈরি করছে। এ ছাড়া সংরক্ষিত বনের কাঠ দিয়ে পোড়ানো হয় ইট। এতে পরিবেশ দূষিত হচ্ছে মারাত্মকভাবে। চট্টগ্রাম জেলা ও রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন এসব ইটভাটার বিরুদ্ধে একাধিকবার অভিযান চালিয়ে জরিমানা আদায় করলেও আইনের আওতায় মামলা না করায় ইটভাটার মালিকেরা পাহাড় ও গাছ কাটা বন্ধ করেননি।চট্টগ্রাম উত্তর বন বিভাগের ইছামতী রেঞ্জ কর্মকর্তা আমির হামজা প্রথম আলোকে বলেন, ‘রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর, রাজানগর, লালানগর ইউনিয়নের কয়েকটি স্থানে পাহাড় কেটে মাটি সংগ্রহের খবর যে সময় আমরা পেয়েছি, সে সময় ইটভাটাগুলোর বিরুদ্ধে বন মামলা দায়ের করেছে। বর্তমানে যাঁরা কাটছেন তাঁদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’ চট্টগ্রাম উত্তর বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোল্লা মিজানুর রহমান বলেন, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী বলেন, গাছ পুড়িয়ে পরিবেশ দূষণ এবং পাহাড় কেটে ধ্বংস করার কারণে গত তিন মাসে ইটভাটাগুলোতে তিনবার অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়েছে। মার্চ মাসের মাঝামাঝি সময় চট্টগ্রাম জেলা প্রশাসকের ভ্রাম্যমাণ আদালতও অভিযান চালিয়ে পাঁচটি ইটভাটা থেকে আড়াই লাখ টাকা জরিমানা আদায় করেছেন। ইটভাটাগুলোতে আবার অভিযান চালানো হবে বলে তিনি জানান।