ইটাখোলা-মঠখোলা-কটিয়াদী সড়ক বেহাল, ঘটছে দুর্ঘটনা
নরসিংদীর ইটাখোলা-মঠখোলা-কটিয়াদী ৩২ কিলোমিটার আঞ্চলিক সড়কের প্রায় ২০ কিলোমিটার অংশে খানাখন্দ আর গর্তের কারণে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। সড়কের বেশির ভাগ অংশে পিচ উঠে বড় গর্ত তৈরি হওয়ায় প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে।
সড়ক ও জনপথ বিভাগ (সওজ) সূত্র জানায়, নরসিংদীর মনোহরদী, শিবপুর ও বেলাব উপজেলার মানুষের জন্য রাজধানীসহ জেলা শহরে যাতায়াতের সুবিধার্থে ১৯৯০ সালে সড়কটি তৈরি করা হয়। বর্তমানে কটিয়াদী ও কিশোরগঞ্জ সদরের বাসিন্দারা এটিকে বাইপাস সড়ক হিসেবে ব্যবহার করায় এ সড়কের ওপর চাপ আরও বেড়ে গেছে।
শিবপুর প্রকৌশল অফিস সূত্র জানায়, ইটাখোলা-মঠখোলা-কটিয়াদী সড়কের প্রস্থ গড়ে ৫ দশমিক ৮৩ মিটার, যা বড় যান চলাচলের জন্য উপযোগী নয়। কিন্তু প্রতিনিয়ত বড় বড় যানবাহনের চলাচল, দীর্ঘদিন ধরে সংস্কার না করা এবং বৃষ্টির কারণে সড়কে এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
গতকাল শুক্রবার সকালে ইটাখোলা-মঠখোলা-কটিয়াদী সড়ক ঘুরে দেখা যায়, সংস্কারের অভাবে খানাখন্দে সড়কগুলো যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এর মধ্যে হাতিরদিয়া থেকে মঠখোলা পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সড়কের বেশির ভাগ জায়গায় পিচ উঠে যাওয়ায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। পানি জমে থাকায় গর্তের আকার বোঝা যায় না। এ কারণে প্রতিদিনই হচ্ছে ছোট-বড় দুর্ঘটনা।
এ সড়কে গাড়ি চালান মনোহরদী পরিবহন (প্রা.) লিমিটেডের চালক মো. মোস্তফা মিয়া। তিনি বলেন, ‘হাতিরদিয়ার পরে আর গাড়ি চালাইতে ইচ্ছা করে না। বড় বড় গর্তে প্রায় প্রতিদিনই কখনো গাড়ির চাকা ফাইসা যায়, না হয় অন্য যন্ত্র কাইটা যায়। গর্তের জন্য গাড়ি ধইরা রাখা যায় না। মনে অয় এই বুঝি গাড়ি উল্টাইয়া যাইতাছে।’
সওজের নরসিংদী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, ‘টানা অতি বৃষ্টির কারণে সড়কগুলোর এ হাল হয়েছে। আমরা চেষ্টা করছি যাতে সড়কটি যান চলাচলের উপযোগী করা যায়।’