ইটাভাঙার মেশিন উল্টে দুই শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর কদমতলী এলাকার নামাশ্যামপুরে আজ শুক্রবার সকালে ইটভাঙার মেশিন উল্টে রাস্তার পাশে খালে পড়ে এক নারীসহ দুই নির্মাণশ্রমিক মারা গেছেন।
নিহত দুজন হলেন হনুফা বেগম (৩৫) ও নজরুল ইসলাম (৩০)।
ফায়ার সার্ভিসের পরিদর্শক মোহাম্মদ আলীর ভাষ্য, নামাশ্যামপুরে ২৪ ফুট জিয়া সরণির ফ্যান ফ্যাক্টরির সামনে সকাল সাতটার দিকে শ্যালো ইঞ্জিনচালিত ইটভাঙার মেশিন চালিয়ে মোহাম্মদবাগে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। এ সময় মেশিনটি উল্টে গেলে ছয়জন শ্রমিক রাস্তার পাশের খালে পড়ে যান। খাল থেকে চার শ্রমিক উঠতে পারলেও দুজন মারা যান। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে দুজনের লাশ উদ্ধার করে কদমতলী থানায় হস্তান্তর করেন।
কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক প্রথম আলোকে জানান, দুজনের বাড়ি গাইবান্ধা জেলায়। ঢাকার শ্যামপুরে তাঁরা ভাড়া থাকতেন। দুজনের লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।