নারায়ণগঞ্জ জেলায় ২ হাজার ২০০টি ভারী শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। তরল বর্জ্য নির্গমন করে এমন শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা ৬০০টি। এর মধ্যে তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) আছে মাত্র ২১০টি প্রতিষ্ঠানে। এর অনেক প্রতিষ্ঠান খরচ বাঁচাতে ইটিপি বন্ধ রাখে। এতেই বোঝা যায় জেলার পরিবেশের অবস্থা কেমন।
গতকাল রোববার দুপুরে নারায়ণগঞ্জ ক্লাব কমিউনিটি সেন্টারে নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভায় এসব বক্তব্য উঠে আসে। পরিবেশদূষণ নিয়ন্ত্রণ ও প্রশমনের জন্য স্থানীয় প্রশাসন, ব্যবসায়ী সংগঠনের নেতা, ইটভাটা মালিক সমিতির প্রতিনিধি, বাজার কমিটি ও গণমাধ্যম প্রতিনিধিদের নিয়ে এর আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রইছউল আলম মণ্ডল। এতে ঢাকা আঞ্চলিক পরিচালক তৌফিকুল আরিফ, নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাউসুল আজম, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সচিব মাহমুদুর রহমান হাবিব, পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মুজাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় ব্যবসায়ী সংগঠনের নেতা, ইটভাটার মালিক, ডাইং কারখানার মালিক, পরিবেশকর্মী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা তাঁদের মতামত তুলে ধরেন।
পরিবেশকর্মী মোস্তফা করিম বলেন, নারায়ণগঞ্জে পরিবেশদূষণ করে এমন শিল্পকারখানা রয়েছে এক হাজারের বেশি। অনেক প্রতিষ্ঠানে ইটিপি আছে, কিন্তু তা চালানো হয় না।
সাননাইট ডাইং প্রসেসিং কারখানার মালিক মঈন আহমেদ অভিযোগ করেন, দালাল ছাড়া পরিবেশ অধিদপ্তরে কোনো কাজ হয় না। বড় বড় শিল্পপ্রতিষ্ঠানের মালিকেরা পরিবেশ অধিদপ্তরে সোর্স রাখেন। অধিদপ্তর থেকে তাঁদের আগেই জানিয়ে দেওয়া হয় অভিযানের কথা। অভিযানের আগে তাঁরা ইটিপি চালু করেন। কিন্তু যাঁরা ছোট কারখানার মালিক বেশি সুদে ঋণ নিয়ে ইটিপি প্ল্যান্ট করেছেন, তাঁদের কারখানায় বারবার অভিযান চালানো হয়। ইটিপি চালিয়ে তাঁদের কোটি কোটি টাকা লোকসান হচ্ছে। বছরের পর বছর লোকসান দিয়ে তাঁরা ইটিপি চালানোর আগ্রহ হারিয়ে ফেলছেন।
ইটভাটার মালিক মাহবুবুর রহমান বলেন, ‘৫০-৬০ লাখ টাকা ব্যয় করে আমরা পরিবেশবান্ধব কয়লার জ্বালানির ইটভাটা নির্মাণ করেছি। কিন্তু প্রায়ই কয়লার সংকট হয়। কয়লার দাম বেড়ে যায়। যাঁরা এ পদ্ধতির ভাটা করেননি, তাঁরা অবাধে কাঠ পুড়িয়ে ইট বানিয়ে বিক্রি করছেন। আমরা তাঁদের সঙ্গে প্রতিযোগিতায় লোকসান গুনছি।’
এ ব্যাপারে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রইছউল আলম প্রথম আলোকে বলেন, নারায়ণগঞ্জে মাত্র ২১০টি প্রতিষ্ঠানে ইটিপি রয়েছে। এতেই বোঝা যায় নারায়ণগঞ্জের পরিবেশের কী অবস্থা। সবকিছু পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ও সহকারী পরিচালক এসে সমাধান করে দিয়ে যাবেন, তা সম্ভব নয়। নিজের পরিবেশ রক্ষায় শিল্পোদ্যোক্তা, ব্যবসায়ী নেতাসহ সবাইকে এগিয়ে আসতে হবে। পরিবেশ অধিদপ্তরের জনবলের অভাব রয়েছে। যাঁরা আছেন, তাঁদের দক্ষতার অভাব আছে। কিন্তু তারপরও তাঁরা কাজ করে যাচ্ছেন।