যশোরের অভয়নগর উপজেলায় ভৈরব নদের তীরে অবস্থিত চামড়া কল (ট্যানারি) এসএএফ ইন্ডাস্ট্রিজকে বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপনের জন্য চূড়ান্ত নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ অধিদপ্তর, খুলনা সূত্র জানায়, ১৯৭৯ সালে উপজেলার তালতলায় ভৈরব নদের তীরে এসএএফ ইন্ডাস্ট্রিজের ট্যানারি প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে প্রতিদিন ৬০০ লিটার ক্যাডমিয়াম ও ক্রোমিয়াম মিশ্রিত বর্জ্য সরাসরি ভৈরব নদে ফেলছে ট্যানারিটি। এসব বর্জ্য মানবদেহে ক্যানসারসহ দুরারোগ্য ব্যাধি সৃষ্টি করতে পারে।
সূত্র জানায়, ভৈরব দূষণের দায়ে পরিবেশ অধিদপ্তর ঢাকা ও খুলনার একটি যৌথ দল ২০১০ সালের ২৮ নভেম্বর এসএএফ ইন্ডাস্ট্রিজকে ৬৯ লাখ ৮৭ হাজার ১৩৬ টাকা জরিমানা করে। তখন এক সপ্তাহের মধ্যে জরিমানার টাকা পরিশোধ এবং পরবর্তী ছয় মাসের মধ্যে ইটিপি স্থাপনের জন্য ট্যানারিটিকে নোটিশ দেয় দলটি। কিন্তু ট্যানারি কর্তৃপক্ষ জরিমানার টাকা দিতে টালবাহানা করতে থাকে। পরিবেশ অধিদপ্তরের অব্যাহত চাপে গত ১৩ জুলাই জরিমানার ৪০ লাখ টাকা জমা দিয়েছে প্রতিষ্ঠানটি। তবে এখনো ইটিপি স্থাপন করেনি তারা। এ অবস্থায় ২৭ আগস্ট পরিবেশ অধিদপ্তর, যশোরের সহকারী পরিচালক মো. আতাউর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, ২০ কর্মদিবসের মধ্যে ইটিপি স্থাপনের কার্যক্রম শুরু করতে ব্যর্থ হলে এসএএফ ইন্ডাস্ট্রিজের গ্যাস ও বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করাসহ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। গত বৃহস্পতিবার চিঠিটি এসএএফ ইন্ডাস্ট্রিজকে দেওয়া হয়েছে।
পরিবেশ অধিদপ্তর, খুলনার পরিচালক মল্লিক আনোয়ার হোসেন বলেন, জরিমানার অবশিষ্ট টাকা এসএএফ ইন্ডাস্ট্রিজ কিস্তি করে দ্রুত জমা দেবে। আর ইটিপি কার্যক্রম শুরুর জন্য তাদের সময় বেঁধে দেওয়া হয়েছে।
এসএএফ ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপক বিধান কুমার গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘আমরা জরিমানার ৪০ লাখ টাকা পরিশোধ করেছি। ইটিপি স্থাপনের জন্য প্রক্রিয়াও শুরু করেছি।’