ইটিভি চেয়ারম্যানের জামিন আপিল বিভাগে বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্নোগ্রাফি আইনে করা একটি মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল ইটিভির চেয়ারম্যান আবদুস সালামের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। তাঁর জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে করা রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করেছেন আদালত। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।

গত ১০ জানুয়ারি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই মামলায় ইটিভি চেয়ারম্যানের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। এই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে। চেম্বার বিচারপতির আদালত বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। এর ধারাবাহিকতায় আজ এর ওপর শুনানি হয়।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তাঁর সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান।

ইটিভি চেয়ারম্যানের পক্ষে ছিলেন আইনজীবী রফিক-উল হক ও শেখ শফিক মাহমুদ।

পরে শেখ শফিক মাহমুদ প্রথম আলোকে বলেন, পর্নোগ্রাফির মামলায় ইটিভি চেয়ারম্যানের জামিন বহাল রেখেছেন আদালত।