ইটিভি চেয়ারম্যানের জামিন আপিল বিভাগে বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুস সালাম । ফাইল ছবি
আবদুস সালাম । ফাইল ছবি

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে করা একটি মামলায় বেসরকারি স্যাটেলাইট চ্যানেল একুশে টেলিভিশনের (ইটিভি) চেয়ারম্যান আবদুস সালামের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। তাঁর জামিন মঞ্জুর করে হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে করা রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করেছেন আদালত। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।
গত ১০ জানুয়ারি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই মামলায় ইটিভি চেয়ারম্যানের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। এই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে। চেম্বার বিচারপতির আদালত বিষয়টি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। এর ধারাবাহিকতায় আজ এর ওপর শুনানি হয়।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তাঁর সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান।
ইটিভি চেয়ারম্যানের পক্ষে ছিলেন আইনজীবী রফিক-উল হক ও শেখ শফিক মাহমুদ।

পরে শেখ শফিক মাহমুদ প্রথম আলোকে বলেন, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় ইটিভি চেয়ারম্যানের জামিন বহাল রেখেছেন আদালত।

গত বছরের ২৬ নভেম্বর এক নারী বাদী হয়ে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় আবদুস সালামের বিরুদ্ধে একটি মামলা করেন। ওই মামলায় গত ৬ জানুয়ারি তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

ইটিভি কর্তৃপক্ষ দাবি করে, ৫ জানুয়ারি গভীর রাতে রাজধানীর কারওয়ান বাজারে ইটিভির প্রধান কার্যালয়ের নিচে নামেন সালাম। তিনি তাঁর ব্যক্তিগত গাড়িতে ওঠেন। গাড়িটি ভবনের ফটকের কাছে আসতেই ১০-১২ জন সাদা পোশাকধারী লোক এসে ইটিভির চেয়ারম্যানের পরিচয় জানতে চান। পরিচয়ের ব্যাপারে নিশ্চিত হওয়ার পর এসব ব্যক্তি সালামকে গাড়ি থেকে নামতে বলেন। এতে অস্বীকৃতি জানান চেয়ারম্যান। পরে তাঁর গাড়ির চালককেও নামতে বলা হয়। অস্বীকৃতি জানালে চালককে জোর করে গাড়ি থেকে নামানো হয়। এরপর গাড়িসহ ইটিভির চেয়ারম্যানকে নিয়ে যান ডিবি পরিচয় দেওয়া ওই ব্যক্তিরা।

গত ১০ জানুয়ারি এই মামলায় হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান ইটিভি চেয়ারম্যান। বর্তমানে তিনি কারাগারে আছেন।