ইটিভির চেয়ারম্যানের আয়কর ফাঁকির এক মামলার বিচার শুরু
একুশে টেলিভিশনের (ইটিভি) চেয়ারম্যান আবদুস সালামের বিরুদ্ধে আয়কর ফাঁকি মামলার বিচার শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক জহিরুল হক মামলার অভিযোগ গঠন করেন। আদালত ২৯ নভেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। আবদুস সালামকে অভিযোগের বিষয় পড়ে শোনানো হলে তিনি নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।গত ১২ আগস্ট জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপকর কমিশনার বজলুর রহমান খান মামলাটি দায়ের করেন।মামলায় অভিযোগ করা হয়, আবদুস সালাম ২০০৬-০৭ করবর্ষে আট কোটি ৪৭ লাখ ৪৭ হাজার ২৩৪ টাকা এবং ২০০৯-১০ করবর্ষে নয় কোটি ১৭ লাখ ৩৪ হাজার ৮২৩ টাকা আয়ের তথ্য গোপন করে এর ওপর প্রযোজ্য কর ফাঁকি দেন। এতে বলা হয়, আসামি তাঁর আয়কর বিবরণীতে ব্যাংকের স্থায়ী আমানতের হিসাব এবং ঢাকা স্টক এক্সচেঞ্জে নিবন্ধিত কোম্পানির শেয়ার ক্রয়-বিক্রয়ে মূলধনী মুনাফার তথ্য জাল প্রত্যয়নপত্রের মাধ্যমে গোপন করেছেন।