ইটিভির মালিকানা বদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি স্যাটেলাইট চ্যানেল একুশে টেলিভিশনের (ইটিভি) মালিকানা পরিবর্তন হয়েছে। চ্যানেলটির পুরো মালিকানা এস আলম গ্রুপের হাতে এসেছে বলে গতকাল বুধবার ইটিভির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। নতুন মালিকানায় চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিযুক্ত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী এবং আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান (গোলাপ)।
ইটিভির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অর্থঋণ আদালত ২০০৩-এর ১২ ধারা অনুযায়ী আদালতের নির্দেশক্রমে গত ৮ অক্টোবর নিলাম-প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হিসেবে এস আলম গ্রুপ একুশে টেলিভিশন লিমিটেডের (ইটিভি) শেয়ার, ট্রেডমার্ক, সার্ভিস মার্ক, লোগোসহ এ-সংক্রান্ত সবকিছু ক্রয় করেছে। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার পরিচালকমণ্ডলীর সভার মাধ্যমে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমকে ইটিভির চেয়ারম্যান ও আবদুস সামাদকে ভাইস চেয়ারম্যান মনোনীত করা হয়। এ ছাড়া সভায় নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি), নির্বাহী পরিচালকসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পদেও নিয়োগ দেওয়া হয়।
ইটিভির নবনিযুক্ত এমডি আবদুস সোবহান (গোলাপ) প্রথম আলোকে বলেন, তিনি গতকাল দায়িত্বভার গ্রহণ করেছেন। প্রতিষ্ঠানের বিভাগীয় প্রধানদের নিয়ে একাধিক বৈঠক করেছেন।
প্রসঙ্গত, ইটিভির সদ্য সাবেক চেয়ারম্যান আবদুস সালাম প্রায় ১১ মাস ধরে কারাগারে আছেন। গত ৪ জানুয়ারি রাতে যুক্তরাজ্যে অনুষ্ঠিত একটি সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০ মিনিটের একটি বক্তব্য ইটিভিতে সরাসরি সম্প্রচারের এক দিন পর ৬ জানুয়ারি ভোরে আবদুস সালামকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে তাঁকে পর্নোগ্রাফি আইনে দায়ের করা ক্যান্টনমেন্ট থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এরপর ৮ জানুয়ারি ‘উসকানি দিয়ে পুলিশে বিদ্রোহের চেষ্টা’ ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে আবদুস সালাম ও তারেক রহমানের বিরুদ্ধে একটি মামলা করে পুলিশ। তখন পুলিশ জানিয়েছিল, ইটিভিতে তারেক রহমানের ওই ভাষণ প্রচারের পর ৭ জানুয়ারি তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পুলিশ। এর ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদ্রোহ মামলা করার আবেদন করা হয়। ৮ জানুয়ারি মন্ত্রণালয় থেকে এই মামলার অনুমোদন দেওয়া হয়। মামলায় তারেক ও সালাম ছাড়া অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে মামলার আসামি করা হয়েছে।