ইটিভির সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগপত্র

নির্ধারিত সময়ে সম্পদের বিবরণী জমা না দেওয়ার মামলায় বেসরকারি টিভি চ্যানেল একুশে টেলিভিশনের (ইটিভি) সাবেক চেয়ারম্যান আবদুস সালামের বিরুদ্ধে অভিযোগপত্র দিচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার কমিশনের বৈঠকে অনুমোদন হওয়া অভিযোগপত্রে তাঁর বিরুদ্ধে সম্পদ বিবরণী না দেওয়া এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
দুদকের উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শিগগিরই বিচারিক আদালতে অভিযোগপত্র জমা দেবেন মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপপরিচালক সামছুল আলম। দুদক জানিয়েছে, নির্ধারিত সময়ে সম্পদ বিবরণী জমা না দেওয়ায় ২০১৭ সালের ১৩ এপ্রিল আবদুস সালামের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপপরিচালক সামছুল আলম। মামলার তদন্তও করেন তিনি। তদন্ত শেষে তাঁর প্রতিবেদনের ওপর ভিত্তি করে অভিযোগপত্র অনুমোদন দেয় কমিশন। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৬ সালে ২১ নভেম্বর কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেল সুপারের মাধ্যমে আবদুস সালামের কাছে সম্পদ বিবরণী নোটিশ জারি করা হয়।
আবদুস সালাম ওই বছরের ৫ ডিসেম্বর তা গ্রহণ করেন। ২০১৭ সালের ১২ মার্চ জেল সুপার এক চিঠির মাধ্যমে দুদককে জানান, আবদুস সালাম এ–সংক্রান্ত কোনো বিবরণী তাঁদের কাছে জমা দেননি। তাই তাঁর বিরুদ্ধে মামলা করা হয়।
মামলার তদন্তের সময় দেখা যায়, আবদুস সালামের নামে অর্জিত স্থাবর সম্পদের মূল্য ১৩ কোটি ৮৫ লাখ ৫ হাজার ৬৫৬ টাকা, অস্থাবর সম্পদের মূল্য ৬৪ কোটি ৯৯ লাখ ৮ হাজার ২৬১ টাকা। স্থাবর–অস্থাবর মিলিয়ে তাঁর মোট সম্পদ ৭৮ কোটি ৮৪ লাখ ১৩ হাজার ৯১৭ টাকা। তদন্তের সময় আবদুস সালামের বক্তব্য নেওয়া হয় এবং তাঁকে তাঁর আয়ের উৎসের বিষয়ে রেকর্ডপত্র সরবরাহের অনুরোধ করা হয়। কিন্তু তিনি তাঁর আয়-ব্যয়সংক্রান্ত কোনো রেকর্ডপত্র উপস্থাপন করেননি। আয়কর বিভাগে তাঁর জমা দেওয়া আয়কর রিটার্ন–সংশ্লিষ্ট নথি জব্দ করা হয়। সেগুলো বিশ্লেষণে দেখা গেছে, তাঁর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে ৩২ কোটি ২০ লাখ ৯৫ হাজার ৮৫৬ টাকার।
সম্পদ বিবরণী দাখিল না করার মামলার তদন্তের ফল অনুসারে, তাঁর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের তথ্যও পাওয়া গেছে। তাই তাঁর বিরুদ্ধে সম্পদ বিবরণী না দেওয়া এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অভিযোগপত্র দেওয়ার সুপারিশ করেন তদন্ত কর্মকর্তা। এরই পরিপ্রেক্ষিতে কমিশন তা অনুমোদন দেয়।
এ মামলা ছাড়াও ২০১৬ সালে আবদুস সালামের বিরুদ্ধে আরও দুটি মামলা করে দুদক। ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে ইটিভির প্রায় ৩৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে একটি মামলা হয়। ৩০ হাজার ইউরো ক্রয়, সংরক্ষণ ও পাচারের অভিযোগে করা হয় আরেকটি মামলা।
আরও পড়ুন...