ইটিভির সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থপাচারের অনুসন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি টিভি চ্যানেল একুশে টেলিভিশনের (ইটিভি) সাবেক চেয়ারম্যান আবদুস সালামের বিরুদ্ধে বিদেশে অর্থপাচারের অভিযোগ অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার এ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়ে একজন কর্মকর্তাও নিয়োগ দেওয়া হয়েছে বলে কমিশন সূত্র প্রথম আলোকে নিশ্চিত করেছে।

সূত্র জানায়, তথ্য গোপন করে বিদেশি কোম্পানি সিটিকর্প-এর নামে থাকা ইটিভির শেয়ার হস্তান্তরের টাকা হুন্ডির মাধ্যমে বিদেশে পাঠানোর তথ্য রয়েছে দুদকের কাছে। এ ছাড়া ইটিভির স্থানীয় শেয়ার হোল্ডারদের কাছ থেকে অস্ত্রের ভয় দেখিয়ে টাকা না দিয়ে তিনি নিজের লোকদের নামে শেয়ার হস্তান্তর করিয়ে নিয়েছেন বলেও অভিযোগ আছে। সম্প্রতি সুনির্দিষ্ট এসব অভিযোগ প্রাথমিকভাবে যাচাই বাছাই করে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন।
দুদকের উপপরিচালক মো. সামছুল আলমকে অনুসন্ধান কর্মকর্তা ও পরিচালক নুর আহাম্মদকে তদারককারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, ইটিভির সাবেক চেয়ারম্যান আবদুস সালাম প্রায় এক বছর ধরে কারাগারে আছেন। গত বছরের ৪ জানুয়ারি রাতে যুক্তরাজ্যে অনুষ্ঠিত একটি সভায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০ মিনিটের একটি বক্তব্য ইটিভিতে সরাসরি সম্প্রচারের এক দিন পর ৬ জানুয়ারি ভোরে আবদুস সালামকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে তাঁকে পর্নোগ্রাফি আইনে দায়ের করা ক্যান্টনমেন্ট থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এরপর ৮ জানুয়ারি ‘উসকানি দিয়ে পুলিশে বিদ্রোহের চেষ্টা’ ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে আবদুস সালাম ও তারেক রহমানের বিরুদ্ধে একটি মামলা করে পুলিশ। তখন পুলিশ জানিয়েছিল, ইটিভিতে তারেক রহমানের ওই ভাষণ প্রচারের পর ৭ জানুয়ারি তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পুলিশ। এর ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদ্রোহ মামলা করার আবেদন করা হয়। ৮ জানুয়ারি মন্ত্রণালয় থেকে এই মামলার অনুমোদন দেওয়া হয়। মামলায় তারেক ও সালাম ছাড়া অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।