ইটিভির সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা
একুশে টিভির সাবেক চেয়ারম্যান আবদুস সালামসহ প্রতিষ্ঠানটির আরও দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুদকের উপপরিচালক সামছুল আলম রাজধানীর তেজগাঁও থানায় মামলাটি করেন। দুদক সূত্র প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
মামলার অন্য আসামি দুজন হলেন একুশে টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও আবদুস সালামের ভাই আশরাফুল আলম এবং জ্যেষ্ঠ ব্যবস্থাপক ফজলুর রহমান শিকদার।
আবদুস সালামসহ তিনজনের বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা ক্রয়, সংরক্ষণ ও পাচারের অভিযোগ আনা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, আবদুস সালাম একুশে টিভির চেয়ারম্যান থাকাকালে প্রতিষ্ঠানের হিসাব থেকে ২৬ লাখ ৭০ হাজার টাকা তোলেন। পরে সে টাকা দিয়ে ৩০ হাজার ইউরো কিনে সংরক্ষণ ও পাচার করেন। ইটিভির সাবেক এ চেয়ারম্যানের বিরুদ্ধে আরও একাধিক অভিযোগের অনুসন্ধান করছে দুদক।
প্রসঙ্গত, ইটিভির সাবেক চেয়ারম্যান আবদুস সালাম এক বছরেরও বেশি সময় ধরে কারাগারে আছেন। গত বছরের ৪ জানুয়ারি রাতে যুক্তরাজ্যে অনুষ্ঠিত একটি সভায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০ মিনিটের একটি বক্তব্য ইটিভিতে সরাসরি সম্প্রচারের এক দিন পর ৬ জানুয়ারি ভোরে আবদুস সালামকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরে তাঁকে পর্নোগ্রাফি আইনে দায়ের করা ক্যান্টনমেন্ট থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এরপর ৮ জানুয়ারি ‘উসকানি দিয়ে পুলিশে বিদ্রোহের চেষ্টা’ ও রাষ্ট্রদ্রোহের অভিযোগে আবদুস সালাম ও তারেক রহমানের বিরুদ্ধে একটি মামলা করে পুলিশ। তখন পুলিশ জানিয়েছিল, ইটিভিতে তারেক রহমানের ওই ভাষণ প্রচারের পর ৭ জানুয়ারি তেজগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পুলিশ। এর ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদ্রোহ মামলা করার আবেদন করা হয়। ৮ জানুয়ারি মন্ত্রণালয় থেকে এই মামলার অনুমোদন দেওয়া হয়। মামলায় তারেক ও সালাম ছাড়া অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।
আরও পড়ুন: