ইটের রং ভালো না হওয়ায় ব্যবসায় লোকসানের আশঙ্কা দেখা দেয়। ভাটার মালিক গণকের শরণাপন্ন হলেন। গণকের পরামর্শ, ভাটার চুল্লিতে মানুষের মাথা দিলে ইটের রং ভালো হবে। সেই সঙ্গে বাড়বে ব্যবসা, হবে লাভ। ভাটার মালিক ২৪ হাজার টাকায় চুক্তি করেন ভাটার শ্রমিক সর্দার ইউনুস, শ্রমিক কফিল ও জলিলের সঙ্গে। হত্যার জন্য বেছে নেওয়া হয়, ভাটার আরেক শ্রমিক মোজাম্মেল হককে। পূর্বপরিকল্পনা অনুযায়ী ওই তিনজন মোজাম্মেলকে হত্যা করে তাঁর মাথা কাঠের সঙ্গে দেন ভাটায়।পুলিশের রিমান্ডে রোমহর্ষক এই বর্ণনা দিয়েছেন ইউনুস, কফিল ও জলিল। গত ১৩ মার্চ রাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় সংঘটিত এ ঘটনায় ১৬ মার্চ পুলিশ তাঁদের গ্রেপ্তার করে দুই দিনের রিমান্ডে নেয়। গত শনিবার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাসুদ পারভেজের আদালত ভাটার আগুন নেভানোর পর তা ভেঙে তল্লাশির নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ওই তিনজনকে আরও দুই দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করা হয়।পুলিশের ভাষ্যমতে, রিমান্ডে অভিযুক্তরা জানান, বালিয়াডাঙ্গীর নেংটি হারাগ্রামের এএমএলবি ইটভাটায় কাজ করতেন একই উপজেলার গোরাপাড়া গ্রামের মোজাম্মেল হক। এএমএলবি ইটভাটার মালিক বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের খলিল ও রানীশংকৈল উপজেলার নেকমরদের তোফায়েল। ১৩ মার্চ সন্ধ্যায় কাজ শেষে পারিশ্রমিক নিতে গেলে শ্রমিক সর্দার ইউনুস তাঁকে সিনেমা দেখার প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি হলে ইউনুস মোজাম্মেলকে নিয়ে যান চাঁদনী সিনেমা হলে। সঙ্গে ছিলেন কফিল ও জলিল। সিনেমা দেখা শেষে বাড়ি ফেরার সময় মোজাম্মেলকে নিয়ে যাওয়া হয় লাহিড়ীর রাস্তায়। সেখানে ভ্যান আটকে অন্ধকারের মধ্যে মোজাম্মেলের মুখ ও চোখ বেঁধে ফেলে তাঁকে নেওয়া হয় হারামডাঙ্গীতে। সেখানেই ভুট্টা খেতে ধারালো চাকু দিয়ে তাঁকে জবাই করে দেহ থেকে মাথা আলাদা করা হয়। এরপর বাজারের ব্যাগে ভরে মাথা নিয়ে যান কফিল ও তাঁর সঙ্গীরা। ছোরাসহ সেই মাথা ফেলে দেওয়া হয় খলিলের ইটভাটার চুল্লিতে।পরদিন সকালে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালে পাঠায়। ১৬ মার্চ রাতে কফিল, ইউনুস ও জলিলকে গ্রেপ্তার করে পরদিন তাঁদের চার দিনের রিমান্ডে নেওয়া হয়।বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার ভূঞা জানান, তল্লাশির জন্য ভাটা নেভানোর কাজ চলছে। আগুনের তীব্রতা বেশি থাকায় পানিতে নেভানো যাচ্ছে না। মামলার তদন্ত কর্মকর্তা এসআই আতিকুর ইসলাম জানান, হত্যার রহস্যের জট খুলছে। মূল হোতাকে গ্রেপ্তার করতে পারলেই বিষয়টি আরও খোলাসা হবে।