ইটের রাস্তা ভেঙে দুর্ভোগে পাঁচ বছর
ময়মনসিংহের নান্দাইল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চণ্ডীপাশা মহল্লার ইটের রাস্তাটি পাঁচ বছর আগে ধসে গেছে। পুকুরের পাশে ওই রাস্তাটি ধসে পড়ায় পথচারীরা দুর্ভোগ পোহাচ্ছে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, নান্দাইল শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের উত্তর পাশ দিয়ে যাওয়া ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের কিনার থেকে দক্ষিণ চণ্ডীপাশা মহল্লার ভেতরে গেছে ওই রাস্তাটি। ইটের রাস্তাটি দক্ষিণ দিক থেকে উত্তর চণ্ডীপাশার দিকে চলে গেছে। রাস্তার দুই পাশজুড়ে রয়েছে বাসাবাড়ি ও হিন্দু সম্প্রদায়ের একাধিক মন্দির। মন্দির থেকে ১০-১৫ গজ দূরে পুকুরের পাড় ভাঙতে ভাঙতে রাস্তাটি প্রায় বিলীন হয়ে গেছে।
নান্দাইল পৌর মেয়র এ এফ এম আজিজুল ইসলাম বলেন, উন্নয়নকাজের জন্য বছরে যে পরিমাণ বরাদ্দ পাওয়া যায়, তা এ ধরনের রাস্তা সংস্কারে ব্যয় করার মতো পর্যাপ্ত নয়। তারপরও কোনো বিশেষ প্রকল্পে ওই রাস্তাটি অন্তর্ভুক্ত করার চেষ্টা করছেন তিনি।