প্রায় পাঁচ বছর ধরে বরগুনার পাথরঘাটা-কাকচিঁড়া ২০ কিলোমিটার রাস্তার ১৫ কিলোমিটারে ইটের সুরকি বিছিয়ে ফেলে রাখা হয়েছে। ফলে পুরো রাস্তাটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দে ভরা এই রাস্তা দিয়ে বাধ্য হয়ে এলাকার হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে বিভিন্ন যানবাহনে। বাসমালিকদের আশঙ্কা, যেকোনো মুহূর্তে এই পথে বাস চলাচল বন্ধ হয়ে যেতে পারে।স্থানীয় সূত্রে জানা গেছে, পাথরঘাটা থেকে কাকচিঁড়া পর্যন্ত ২০ কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য ২০০৫ সালের জুনে দরপত্র আহ্বান করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। প্রায় চার কোটি টাকা প্রাক্কলনে তিনটি গুচ্ছ প্রকল্পের এই সংস্কারের কাজ পান এলাকার বিএনপিদলীয় সাবেক সাংসদের ছোট ভাই। কার্যাদেশ পাওয়ার পর ওই বছরের নভেম্বরে ঠিকাদার কাজ শুরু এবং গুদিঘাটা থেকে কাকচিঁড়া পর্যন্ত পাঁচ কিলোমিটারের পিচ ঢালাইয়ের কাজ শেষ করেন। একই সঙ্গে রাস্তার বাকি অংশ খুঁড়ে তাতে সুরকি বিছিয়ে দেওয়া হয়। গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালে এই রাস্তার দরপত্র-প্রক্রিয়ায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগে মামলা হলে কাজ বন্ধ হয়ে যায়। এরপর প্রায় পাঁচ বছর ধরে রাস্তাটি সেই অবস্থায়ই ফেলে রাখা হয়েছে। সরেজমিনে দেখা যায়, ছোট পাথরঘাটা থেকে গুদিঘাটা পর্যন্ত ১৫ কিলোমিটার রাস্তা একেবারে চলাচলের অনুপযোগী হয়ে গেছে। এই অংশের সুরকি উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বিশেষ করে ছোট পাথরঘাটা থেকে আমড়াতলা পর্যন্ত সাড়ে সাত কিলোমিটার রাস্তার পুরোটাই খানাখন্দে ভরা। বাসমালিক বাদশা হাওলাদার জানান, এত দিন তাঁরা এসব খানাখন্দে নিজেদের অর্থ দিয়ে ইট ফেলে ভরাট করে যান চলাচল অব্যাহত রেখেছেন। এভাবে দু-তিন দিন পর পর মেরামত করে যান চলাচল সচল রাখতে গিয়ে তাঁরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। জোড়াতালি দিয়ে বাস চলাচল সচল রাখতে গিয়ে তাঁরা এখন পথে বসেছেন বলেও জানান তিনি। এলজিইডির পাথরঘাটার উপজেলা প্রকৌশলী প্রশান্ত কুমার হাওলাদার জানান, ২০১০ সালের ফেব্রুয়ারিতে এলজিইডির প্রধান প্রকৌশলী পাথরঘাটা সফরে এলে তিনি এই রাস্তা পরিদর্শন করে সংস্কারের জন্য প্রাক্কলন তৈরি করে এলজিইডির সদর দপ্তরে পাঠানোর নির্দেশ দেন। সেই নির্দেশ অনুযায়ী ২০১০ সালের মার্চে তিন কোটি ৬৫ লাখ টাকার একটি প্রাক্কলন অনুমোদনের জন্য এলজিইডির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। পরবর্তী সময়ে এ বিষয়ে আর কোনো সাড়া পাওয়া যায়নি। এলজিইডির বরগুনা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আকবর হোসেন প্রথম আলোকে বলেন, ‘রাস্তাটির দুরবস্থার বিষয়টি আমি জানি। রাস্তাটি অতি গুরুত্বপূর্ণ বিবেচনায় আমরা আগেই মেরামতের প্রাক্কলন ব্যয় নির্ধারণ করে তা এলজিইডির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। আশা করি, অল্পদিনের মধ্যেই এর অনুকূলে বরাদ্দ পেয়ে যাব।’