ইডিসিএল ও হূদরোগ ইনস্টিটিউটের দুর্নীতি তদন্তে সুপারিশ ও কমিটি
সরকারি প্রতিষ্ঠান এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) বিরুদ্ধে উত্থাপিত দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করেছে সংশ্লিষ্ট সংসদীয় কমিটি। এ ছাড়া কমিটি জাতীয় হূদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের বিরুদ্ধে উত্থাপিত আর্থিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্তে একটি উপকমিটি গঠন করা হয়েছে।গতকাল মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত স্বাস্থ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এসব বিষয়ে সিদ্ধান্ত হয়। বৈঠকের পর কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম সাংবাদিকদের জানান, ইডিসিএলের দুর্নীতির বিষয়ে সংবাদপত্রে প্রকাশিত খবর নিয়ে বৈঠকে আলোচনা হয়। পত্রিকায় সংবাদ প্রকাশের পাশাপাশি কমিটির কাছেও এ বিষয়ে অভিযোগ এসেছে। বিষয়টি মন্ত্রণালয়কে তদন্ত করতে বলা হয়েছে।কমিটি সভাপতি আরও বলেন, যথাযথ মান নিয়ন্ত্রণ না করায় ৬২টি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মন্ত্রণালয় কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে কমিটি জানতে চেয়েছে। এ সম্পর্কে কমিটির আগামী বৈঠকে জানা যাবে। তবে ‘আতঙ্ক তৈরি হতে পারে’ বলে প্রতিষ্ঠানগুলোর তালিকা এখনই প্রকাশ করা হবে না বলে জানান শেখ ফজলুল করিম সেলিম।প্রসঙ্গত, গত ৩ জুলাই অনুষ্ঠিত কমিটির বৈঠকে ৬২টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়ের কাছে সুপারিশ করা হয়।এ ছাড়া সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে জাতীয় হূদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের বিরুদ্ধে আনা ক্রয়সংক্রান্ত দুর্নীতির অভিযোগ তদন্তের জন্য সাংসদ মোহাম্মদ আমানউল্লাহকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি উপকমিটি গঠন করা হয়।শেখ সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত গতকালের বৈঠকে কমিটির সদস্য এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক, প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির, মোহাম্মদ আমানউল্লাহ, এম এ মান্নান, মতিউর রহমান, আনোয়ার হোসেন এবং জেড আই এম মোস্তফা আলী উপস্থিত ছিলেন।