ইডেন কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইডেন কলেজকে পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবি জানিয়েছেন কলেজের শিক্ষার্থীরা। দাবি আদায়ে ছাত্র ধর্মঘটসহ মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির ঘোষণাও দিয়েছেন তাঁরা।
গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে ‘আন্দোলনরত শিক্ষার্থীবৃন্দ’-এর ব্যানারে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ইডেন কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকায় একজন নারী শিক্ষার্থীর স্নাতকোত্তর শেষ করতে সাত থেকে আট বছর লেগে যায়। ফলে চাকরিতে আবেদন করাসহ বিভিন্ন দুর্ভোগের শিকার হন তাঁরা। তাই ইডেন কলেজকে একটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় ঘোষণা করে সংকট সমাধানের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। এ ছাড়া কলেজটি বিশ্ববিদ্যালয় হওয়ার যোগ্য বলে দাবি তাঁদের।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, শিক্ষার্থীদের দাবি আদায়ে ১০ ফেব্রুয়ারি কলেজের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল এবং শিক্ষামন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হবে।
এতেও দাবি পূরণ না হলে ১৭ ফেব্রুয়ারি বুদ্ধিজীবী সমাবেশ, ২০ ফেব্রুয়ারি ক্লাস বর্জন, ২৪ ফেব্রুয়ারি ছাত্র ধর্মঘট ও ২ মার্চ প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।