ইডেন কলেজকে বিশ্ববিদ্যালয় দাবিতে সংহতি সমাবেশ
ইডেন কলেজকে বিশ্ববিদ্যালয় করতে সরকারের সদিচ্ছা না থাকলে তারা আন্দোলনকারীদের মধ্যে ভাঙনের সৃষ্টি করতে চাইবে। অথবা রাজধানীর অন্য কলেজগুলোকেও আন্দোলনে নামিয়ে দেবে। কিন্তু কোনো ফাঁদ বা ভাঁওতার মধ্যে না পড়ে শিক্ষার্থীদের ঐকবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে।
গতকাল মঙ্গলবার ইডেন কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানাতে আসা বক্তারা এসব কথা বলেন। আন্দোলনের মাসপূর্তি উপলক্ষে তাঁরা কলেজের মূল ফটকের সামনে রাস্তায় এই সংহতি সমাবেশের আয়োজন করেন।
সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্যের পক্ষ থেকে সংহতি জানান। আরও বক্তব্য দেন চলচ্চিত্র নির্মাতা মশিউদ্দিন শাকের, গণসংগীতশিল্পী মাহমুদুজ্জামান বাবু, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত প্রমুখ।
আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সমাবেশে।