ইডেন কলেজে ছাত্রলীগের এক পক্ষের হামলায় অন্য পক্ষের দুজন আহত
রাজধানীর ইডেন কলেজে গতকাল শুক্রবার রাতে বাংলাদেশ ছাত্রলীগের এক পক্ষের হামলায় অন্য পক্ষের দুজন আহত হয়েছেন। এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত দুই পক্ষে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। কলেজ ও পুলিশ সূত্রে জানা গেছে, ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নিঝুমের বিরুদ্ধে ভর্তি-বাণিজ্য ও সিট-বাণিজ্যের অভিযোগ এনে ছাত্রলীগের একটি অংশ সকাল থেকে কলেজে বিক্ষোভ করে। একপর্যায়ে তারা নিঝুমকে ধাওয়া করে এবং তাঁর বিরুদ্ধে স্লোগান দেয়। নিঝুম ও তাঁর সমর্থকেরাও প্রতিপক্ষকে ধাওয়া করেন। থেমে থেমে দুই পক্ষে এই ধাওয়া-পাল্টাধাওয়া চলে দুপুর পর্যন্ত। এ সময় কলেজে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সূত্র আরও জানায়, এ ঘটনার জের ধরে নিঝুম ও তাঁর সমর্থকেরা রাতে প্রতিপক্ষের নেতা-কর্মীদের ওপর হামলা চালান। এতে কলেজের রাজিয়া হলের ৩০৭ নম্বর কক্ষের নৈঋতা ও শিমু আহত হন। তাঁরা ছাত্রলীগের কর্মী। কলেজ শাখা ছাত্রলীগের কয়েকজন নেত্রী অভিযোগ করেন, নিঝুম গত বছর এক হাজার ২০০ ছাত্রীকে টাকার বিনিময়ে ভর্তি করিয়েছেন। এবারও তিনি প্রায় ৯০০ ছাত্রীকে ভর্তি করান। নিঝুম এসব অভিযোগ অস্বীকার করে বলেন, শৃঙ্খলা ভঙ্গের দায়ে তিনি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক শর্মী ও হ্যাপিকে সংগঠন থেকে বহিষ্কার করেন। এর প্রতিশোধ নিতে ওই দুজন অন্যদের সঙ্গে নিয়ে তাঁকে ধাওয়া করেন।