ইডেন কলেজের এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে গতকাল শনিবার মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ওই শিক্ষাপ্রতিষ্ঠানের কিছুসংখ্যক ছাত্রী। তাঁরা অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।ওই ছাত্রীর পক্ষে ইডেন ছাড়াও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীরা মানববন্ধনে অংশ নেন। আরও অংশ নেন কণ্ঠশিল্পী কৃষ্ণকলি।অন্যদিকে চিকিৎসকের পক্ষে আজ রোববার বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বেলা ১১টায় মানববন্ধন কর্মসূচি পালন করবে। নিজ চেম্বারে দায়িত্ব পালনের সময় ওই চিকিৎসকের ওপর সন্ত্রাসী হামলা, তাঁকে চেম্বার থেকে তুলে বাইরে নিয়ে মারধর করা এবং মুক্তিপণ দাবির প্রতিবাদে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। এ ছাড়া কাল ঘটনার বিচার দাবিতে রাজধানীর সব বিশেষজ্ঞ চিকিৎসকের চেম্বার বন্ধ থাকবে।উল্লেখ্য, ৯ মে ইডেন কলেজের এই ছাত্রী ওই চিকিৎসকের চেম্বারে যান। ছাত্রীর পক্ষ থেকে যৌন হয়রানির অভিযোগ করা হচ্ছে। অন্যদিকে চিকিৎসক বলছেন, ছাত্রীটি সিরিয়াল ভেঙে চেম্বারে প্রবেশ করায় তিনি এর নিন্দা করেছিলেন। এরপর ওই ছাত্রীর সঙ্গে কিছু সন্ত্রাসী এসে তাঁকে অপহরণ করে বাইরে নিয়ে মারধর করে।