ইডেন কলেজে বাবুর্চি হত্যায় একজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইডেন মহিলা কলেজের ভেতর বাবুর্চি নায়েব আলী (৪০) খুনের ঘটনায় সুজন নামের এক নির্মাণশ্রমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাতে নায়েব আলীর চাচা তারাজুল ইসলাম বাদী হয়ে লালবাগ থানায় হত্যা মামলা করেন। এজাহারে আসামি হিসেবে কারও নাম উল্লেখ করা হয়নি। এ ঘটনায় আটক নির্মাণশ্রমিক সুজনকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁকে গতকাল শনিবার আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়েছে পুলিশ। লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, নায়েব আলী ৪০ জন নির্মাণশ্রমিকের জন্য খাবার রান্না করতেন। এই শ্রমিকেরা তাঁদের উপার্জিত টাকা নায়েব আলীর কাছে জমা রাখতেন। তিনি যেখানে থাকতেন, সেখানে তল্লাশি চালিয়ে কোনো টাকা পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, টাকা লুট করতেই নির্মাণশ্রমিক সুজনের যোগসাজশে এই হত্যাকাণ্ড ঘটেছে। গত শুক্রবার ভোরে ইডেন কলেজের নির্মাণাধীন ১১ তলা ভবনের নিচতলা থেকে বাবুর্চি নায়েব আলীর জবাই করা লাশ উদ্ধার করা হয়।