ইডেন কলেজের ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
রাজধানীর বঙ্গবাজার এলাকার একটি বাসা থেকে ইডেন কলেজের এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম জিদনি সুলতানা (২২)। গতকাল শনিবার বিকেলে বঙ্গবাজার এলাকার শহীদ আবুল খায়ের ভবনে তাঁর মামা মাহবুবুর রহমানের ফ্ল্যাট থেকে লাশটি পাওয়া যায়। জিদনি ইডেন কলেজের প্রাণিবিদ্যা বিভাগের ছাত্রী। তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইলের মধুপুর এলাকায়। ঢাকায় ইডেনের ছাত্রীনিবাসে থাকতেন তিনি।
জিদনির মামা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, তিন দিন আগে তাঁর বাসায় বেড়াতে আসেন জিদনি। ঢাকার বাইরে থেকে গতকাল বিকেল চারটার দিকে ফিরে স্ত্রী রাশিদা আকতারের কাছে ভাগনির খোঁজ জানতে চান তিনি। তাঁর স্ত্রী জানান, হয়তো জিদনি ঘরে ঘুমিয়ে আছে। সে সময় দরজা ধাক্কা দেওয়ার পর কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় জিদনিকে দেখতে পান। পরে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর সন্ধ্যা পৌনে সাতটার দিকে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।