ইডেন কলেজের হলের ফাটল দেখলেন শিক্ষামন্ত্রী

চালু করার ১৯ মাসের মাথায় ফাটল দেখা দেওয়া ইডেন মহিলা কলেজের শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলটি গতকাল বুধবার পরিদর্শন করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ১১তলা এই হলে ফাটল দেখা দেওয়ায় ২৬ এপ্রিল সাত দিনের জন্য তা খালি করে দেওয়া হয়।
শিক্ষামন্ত্রীর সঙ্গে যাওয়া শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালাসহ দায়িত্বরত প্রকৌশলীরা তাঁকে জানান, হল ভবনের বিম বা মূল কাঠামোতে কোনো ফাটল দেখা দেয়নি। দেয়ালে দেখা দেওয়া ফাটল ভবনের জন্য ক্ষতিকরও নয়। শিক্ষামন্ত্রী এ সময় প্রধান প্রকৌশলীকে আনুষঙ্গিক দিকগুলো খতিয়ে দেখে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। আজ বৃহস্পতিবারের মধ্যেই এ প্রতিবেদন দেবেন বলে জানান প্রধান প্রকৌশলী। শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই হল পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী ভূমিকম্পে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সারা দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতি হয়ে থাকলে তার একটি প্রতিবেদন তৈরির নির্দেশ দেন। তিনি কলেজের ছাত্রীদের সঙ্গে কথা বলেন। তিনি প্রকৌশলীদের প্রতিবেদন পাওয়া পর্যন্ত ছাত্রীদের ধৈর্য ধরার পরামর্শ দেন।
ছাত্রী হলটির দেয়ালে কিছুদিন আগেই ফাটল দেখা দেয়। ২৫ ও ২৬ এপ্রিলের ভূমিকম্পের পর ২৯টি কক্ষে ফাটল দেখা যাওয়ায় হলটি সাত দিনের জন্য বন্ধ করে দেয় কলেজ কর্তৃপক্ষ।