ইডেন মহিলা কলেজের ভেতরে এক ব্যক্তি খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ইডেন মহিলা কলেজের একটি নির্মাণাধীন ভবনে গতকাল শুক্রবার ভোরে নায়েব আলী (৪০) নামে এক ব্যক্তিকে জবাই করে হত্যা করা হয়েছে। তিনি শ্রমিকদের খাবার রান্না করতেন। পুলিশ জানায়, এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নয় শ্রমিক ও ইডেন কলেজের এক কর্মীকে আটক করা হয়েছে। গতকাল সকালে পুলিশ ইডেন কলেজের নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে নায়েব আলীর গলাকাটা লাশ উদ্ধার করে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। নায়েবের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা থানার পশ্চিম আগুবপুরে।নির্মাণাধীন ভবনের সহযোগী ঠিকাদার তারাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, গতকাল ভোরে নায়েব আলীর সহযোগী বাবুর্চি সাইফুল রান্নাঘরে গিয়ে মেঝেতে নায়েবের রক্তাক্ত লাশ দেখতে পান। এ সময় তিনি চিৎকার দিলে অন্য শ্রমিকেরা ঘটনাস্থলে আসেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়। নায়েবের কাছে শ্রমিকদের টাকা থাকত। ধারণা করা হচ্ছে, এই টাকা ছিনিয়ে নিতে তাঁকে খুন করা হয়েছে। নির্মাণাধীন ভবনটির পাশে ইডেন কলেজের ৩ নম্বর ফটকের নিরাপত্তা-কর্মী আবদুল মতিন জানান, গতকাল ভোরে কেউ ভেতরে ঢোকেনি কিংবা বেরও হয়নি। লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান প্রথম আলোকে বলেন, শ্রমিকদের থাকার স্থানগুলোতে তল্লাশি করা হয়েছে। নায়েবের কাছে জমা রাখা টাকা পাওয়া যায়নি। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে।