ইডেনের ছাত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় ইডেন কলেজের ছাত্রী ও নববধূ শরীফা আক্তার পুতুলকে (২১) হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান এ রায় দেন।
নিহত শরীফা আক্তার মোল্লাহাটের উদয়পুর দৈবকান্দি গ্রামের আবু দাউদের মেয়ে। তিনি ঢাকার ইডেন মহিলা কলেজের ইতিহাস বিভাগের সম্মান তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তাঁর স্বামী শিকদার মাহমুদুল আলম (৩৫) একই গ্রামের বাসিন্দা। তিনি জামিনে ছাড়া পেয়ে পলাতক আছেন।
ওই হত্যাকাণ্ডের পর ইডেন কলেজের সহপাঠীরা ও বাগেরহাটের বিভিন্ন সংগঠন বিচার দাবিতে নানা কর্মসূচি পালন করে।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি শেখ মোহাম্মদ আলী মামলার বরাত দিয়ে বলেন, আত্মীয়তার সূত্র ধরে শরীফার সঙ্গে মাহমুদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরিবারের কাউকে না জানিয়ে তাঁরা বিয়ে করেন। ছয় মাস পর জানাজানি হলে উভয় পরিবার সম্পর্ক মেনে নিয়ে ২০১৩ সালের ১০ মে আনুষ্ঠানিকভাবে তাঁদের বিয়ে দেয়। এর তিন দিন পর রাত দুইটার দিকে শরীফার মুঠোফোনে অন্য ব্যক্তির খুদেবার্তা দেখে ক্ষুব্ধ হন মাহমুদ। অন্য কারও প্রেম রয়েছে এ অভিযোগে শরীফাকে ঘরে থাকা দা দিয়ে গলা কেটে হত্যা করেন মাহমুদ। রাতেই মাহমুদ কীটনাশক পান করে মোল্লাহাট থানায় গিয়ে পুলিশের কাছে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেন। পুলিশ তাঁর বাড়িতে গিয়ে তালাবদ্ধ ঘরের ভেতর থেকে শরীফার লাশ ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো চাপাতি উদ্ধার করে।
বাদীপক্ষের অপর আইনজীবী এ কে আজাদ ফিরোজ বলেন, হত্যার পরদিন ১৪ মে শরীফার বাবা আবু দাউদ মোল্লাহাট থানায় মাহমুদুল আলমের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ন ম খায়রুল আনাম তদন্ত শেষে ২০১৩ সালের ১০ নভেম্বর মাহমুদুল আলমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। বিচারক ১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে রায় ঘোষণা করেন।