ইতালিতে কাল জাতীয় শোক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলায় ইতালির নয়জন নাগরিক নিহত হওয়ার ঘটনায় শোকে স্তব্ধ হয়ে পড়েছে পুরো ইতালি। দেশটি কাল মঙ্গলবার রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে। জাতীয় পতাকাবাহী ইতালির বিশেষ বিমান ঢাকার পথে ওড়ার প্রস্তুতি নিচ্ছে নয়জন নাগরিকের মরদেহ বহন করে নিয়ে আসার জন্য।
গুলশান হামলায় শোকার্ত দেশটির সাধারণ মানুষও। ইতালির রাজধানী রোমে কয়েকজন ইতালিয়ানের কাছে এ ব্যাপারে জানতে চাইলে তাঁরা বলেন, ‘আমরা এমন ঘটনায় খুবই দুঃখ পেয়েছি। প্যারিস, ব্রাসেলস, ইস্তাম্বুলে যারা হামলা চালিয়েছে, একই জঙ্গি গোষ্ঠী ঢাকায় হামলা চালিয়েছে।’ ব্যবসা-বাণিজ্য-বিনিয়োগের জন্য গিয়ে স্বদেশিদের লাশ হয়ে ফিরতে হচ্ছে, এ জন্য বাংলাদেশকে দারুণ ‘অনিরাপদ’ মনে করছেন তাঁরা।
ইতালির পত্রিকাগুলোতে প্রধান শিরোনামে হয়েছে ঢাকার এই ভয়াবহ হত্যাকাণ্ড। এসব খবরে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয়।
গুলশানে হামলায় বাংলাদেশ-ইতালির রপ্তানি বাণিজ্যে সুদূরপ্রসারী প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। ইতালিয়ানরা মনে করছেন, আইএসের সুনিশ্চিত নতুন গন্তব্য এখন বাংলাদেশ। এদিকে ঢাকায় হামলার ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন ইতালিপ্রবাসী বাংলাদেশিরা। সন্ধ্যার পর অনেকেই বাসা থেকে বের হচ্ছেন না। প্রবাসী বাংলাদেশিরা আশঙ্কা করছেন, যেকোনো সময় তাঁদের ওপর ক্ষুব্ধ হয়ে হামলা চালানো হতে পারে।
তবে ইতালিতে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত শাহাদত হোসেন প্রথম আলোকে বলেন, ইতালি সরকারের কাছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শোকবার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে। ইতালির পররাষ্ট্র দপ্তরের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হচ্ছে। ইতালিপ্রবাসী ব্যবসায়ী জাহাঙ্গীর ফরাজি বলেন, ‘দেশে ঘটে যাওয়া এমন ঘটনার নিন্দা জানানোর ভাষা হারিয়ে ফেলেছি।’